অভিনেত্রী, মডেল, রাজনীতিক গুল এবার বৈমানিক

নিজের পরিচয় দিতে গেলে গলা কি শুকিয়ে আসে গুল পানাগের? তিনি যদি আর দশজন সাধারণ মানুষের মতো হতেন, তাহলে গলা শুকিয়ে আসাটাই স্বাভাবিক ছিল। কারণ, তাঁর এত পরিচয় যে তা এক নিশ্বাসে বলে শেষ করা যাবে না। তিনি অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র প্রযোজক, রাজনীতিক, সমাজকর্মী এবং এখন তিনি একজন বেসরকারি বৈমানিক। সম্প্রতি তাঁর কাজের তালিকায় যোগ হলো নতুন এই পরিচয়টি। তিনি সম্প্রতিই অর্জন করলেন বেসরকারি বৈমানিক হিসেবে নিজের লাইসেন্স।

গুল পানাগ লম্বা সময় ধরে বলিউডে নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে প্রশংসা পেয়ে আসছেন। অভিনয় আর সমাজের জন্য কাজের পাশাপাশি নিজের জীবনকেও দারুণ উপভোগ করেন এ শিল্পী। নিজে বাইক চালান। ঘুরে বেড়ান দেশ-বিদেশ। নিজের নতুন অর্জন হিসেবে বেসরকারি বৈমানিক হওয়ার খবরটি গুল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সবাইকে জানান। সেখানে লাইসেন্সসহ বিমানবন্দরের রানওয়েতে নিজের ছবিও পোস্ট করেন ‘ডোর’ ছবির এই অভিনেত্রী।

গুল পানাগ বলেন, এই লাইসেন্স পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাঁকে। দিতে হয়েছে বেশ কয়েকটি পরীক্ষাও। বিমান উড্ডয়নের জন্য যেসব নীতিমালা মেনে চলতে হয়, তার সবই করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সব পরীক্ষা শেষে আমি চেক রাইড (পরীক্ষককে পাশে বসিয়ে আকাশে বিমান ওড়ানোর পরীক্ষার নাম এটি) ধাপে উত্তীর্ণ হওয়ার পরই পাই বিমান ওড়ানোর লাইসেন্স।’ স্কুপহুপ।