অভিনেত্রী হওয়ার মজাটাই এখানে

‘শকুন্তলা দেবী’রূপী বিদ্যা বালানকে আরও একবার দুহাত খুলে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে বলিউড। ভারতের ‘হিউম্যান কম্পিউটার’ শকুন্তলা দেবীর ওপর নির্মিত ছবিটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ৩১ জুলাই। ইতিমধ্যে এ ছবির ট্রেলার মাত্র দুদিনে দেখা হয়েছে ২ কোটি ২২ লাখবার। অক্ষয় কুমার, তাপসী পান্নু, ভূমি পেডনেকর, ফাতিমা সানা শেখ, কৃতি খারবান্দাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি নিয়ে তাঁদের উন্মাদনা প্রকাশ করেছেন। বিদ্যার ভূয়সী প্রশংসা করতেও ভোলেননি তাঁরা।
চরিত্রটি করতে পেরে বিদ্যা নিজেও দারুণ উচ্ছ্বসিত, ‘ব্যক্তিজীবনে আমি শকুন্তলা দেবী হওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু অভিনেত্রী হওয়ার মজাটাই এখানে। আমি শুরুতে তাঁকে ম্যাথ জিনিয়াস ছাড়া অন্য কিছু ভাবতাম না। কিন্তু যখন তাঁর সম্পর্কে একটু একটু করে যতই খুঁটিনাটি জানতে শুরু করি, তাঁর ব্যক্তিত্ব আমাকে ততই চুম্বকের মতো টানতে থাকে। তিনি রাঁধতে ভালোবাসেন, চুল বাঁধতে ভালোবাসেন—সেগুলোর সঙ্গে গণিতের জটিল সমীকরণের কোনো সম্পর্ক নেই। তিনি নায়িকাদের মতো সুন্দর সুন্দর জামাকাপড় পরতে আর সাজতে ভালোবাসেন। এমনকি নাচতেও বেশ লাগে তাঁর। গণিতের মতো গম্ভীর বিষয়কে ভালোবেসেও জীবনের প্রতিটি কণার প্রতি তাঁর যে সীমাহীন উৎসাহ, উত্তেজনা, তা আমাকে জীবন নিয়ে নতুন করে ভাবিয়েছে।’

নিজের অভিনীত চরিত্রের সঙ্গে যে নিজের জীবনদর্শনে মিল আছে, সে কথা বলতেও ভুললেন না বিদ্যা। তিনি বলেন, ‘অনেকে বলে যে তুমি এটা পেলে ওটা পাবে না। কেন একজন নারী জীবনে সব পাবে না? কেন তার সব ইচ্ছা পূরণ হওয়ার নয়? জীবন থেকে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো একেকজন মানুষের তোমাকে নিয়ে প্রত্যাশা একেক রকম। আর সেটা সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বদলেও যায়। তুমি তাই কখনোই কারও মনের মতো হতে চেয়ে কাউকে খুশি করতে পারবে না। তাই তুমি নিজের ইচ্ছেমতো বাঁচো। আমি সেটাই করেছি।’