অভিনয় ভালো লাগে না কঙ্গনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট এক শহর থেকে মুম্বাইয়ে এসেছিলেন কঙ্গনা রনৌত। রক্ষণশীল পরিবারের সেই মেয়েটি তাঁর অভিনয়–প্রতিভা দিয়ে আজ বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। অভিনয়ই তাঁর পেশা, কিন্তু এই পেশার কোনো কিছুই নাকি ভালো লাগে না তাঁর! দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর মুখে এমন কথা শুনে তাজ্জব বনে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন তিনি এ মন্তব্য করেছেন, তা শুনলে আর অতটা অবাক লাগবে না।
কঙ্গনা বলেন, ‘সত্যি কথা বলতে আমি আমার পেশার কোনো কিছুই পছন্দ করি না। চরিত্রের প্রয়োজনে আমাকে অনেক কিছু সাজতে হয়। সেই পাগলাটে চরিত্রগুলো করতে আমার একদম ভালো লাগে না। আমার চরিত্রগুলো যে পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তা ভাবতে আমার খুব খারাপ লাগে। কাল্পনিক কোনো ঘটনা নিয়ে আবেগাপ্লুত হওয়াও অবশ্য আমার পছন্দ নয়।’
যে কাজের কোনো কিছুই ভালো লাগে না, তাহলে কেন করছেন অভিনয়?
‘কনকনে ঠান্ডায় কাদাপানিতে শুটিং করতে আমার ভালো লাগে না। তাও করি। কারণ, রুটিরোজগার তো করতে হবে। না হলে নিজের খরচ চালাব কী করে?’ জবাব দেন কঙ্গনা।
তবে এই অভিনেত্রী মুখে যতই বলুন না কেন, বাস্তব কিন্তু বলে ভিন্ন কথা। কোনো ছবির শুটিং শুরুর সঙ্গে সঙ্গেই সেই চরিত্রের একেবারে গভীরে ঢুকে যান কঙ্গনা। সর্বশেষ মুক্তি পাওয়া কাট্টি বাট্টি সিনেমায় কঙ্গনা অভিনয় করেছিলেন একজন ক্যানসার রোগীর চরিত্রে। সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে, তখন ছোটখাটো বিষয়েই কান্নাকাটি শুরু করতেন। কোনো কাজকে হৃদয়ে ধারণ না করলে কি আর এমনটা সম্ভব? পিঙ্কভিলা।