অভিনয়ই কারিনার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

ভারতের মহারাষ্ট্রের পত্রিকা ‘লোকমত’-এর দেওয়া একটি বিশেষ সম্মাননা পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্মাননা স্মারক গ্রহণ করার পর অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, অভিনয়ই তাঁর জীবন। অভিনয় ছাড়া জীবনকে ভাবতে পারেন না তিনি।

এই সময়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে কারিনা অন্যতম। জনপ্রিয় ছবি করার পাশাপাশি চরিত্রাভিনয়েও নিজের যোগ্যতা দেখিয়েছেন। পুরস্কার অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনয়ের বাইরে অন্য কিছু নিয়ে কি ভাবেন? কারিনার এক জবাব, ‘ক্যারিয়ারের ১৮ বছর পেরিয়ে গেছে। এখন অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। কারণ, আমি সব সময় অভিনয়শিল্পী হতে চেয়েছিলাম। সুতরাং আমি অভিনয় ছাড়া জীবনকে ভাবতেই পারি না।’

কারিনা ছাড়াও এই একই সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তাঁরও প্রশংসা করেন কারিনা। তিনি বলেন, এই সময়ে এই পুরস্কারের যোগ্য অক্ষয়ই। কারণ, বলিউডে সাহসী কিছু কাজ করেছেন অক্ষয়।

মা হওয়ার পর কারিনা কাপুর খানকে এখনো রুপালি পর্দায় দেখা যায়নি। ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবি দিয়ে ফের পর্দায় ফিরবেন। তাঁর সঙ্গে দেখা যাবে সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়াকে। ছবি দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১ জুন পর্যন্ত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস