অভিমানী রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

‘বরফি’ তারকা রণবীর কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে এখন পর্যন্ত কম কাদা ছোড়াছুড়ি করেনি মিডিয়া। বলিউডে এখন জোর গুঞ্জন, বাবা-মাকে ছেড়ে প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে নতুন বাড়িতে উঠছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে রণবীর।

২০ কোটি রুপি দিয়ে তাঁরা নতুন বাড়ি কিনেছেন বলেও খবর ছড়িয়েছে। সম্প্রতি এসব বিষয়ে জানতে চাইলে অভিমানে নিজের জীবনকে চিত্রনাট্যের সঙ্গে তুলনা করেন জুনিয়র কাপুর।

অভিমানের সুরে রণবীর বলেন, ‘আমার জীবন নিয়ে এখন পর্যন্ত অনেক কেচ্ছা-কাহিনিই রটানো হয়েছে। আমার জীবনটা যেন একটা চিত্রনাট্য। যার যেভাবে ইচ্ছা লিখে যাচ্ছে। আজ বাবা আমার সঙ্গে ঝগড়া করেছেন, কাল মা কিছু একটা বলেছেন। এখন দাবি করা হচ্ছে, আমি নাকি বাড়ি ছেড়ে দিচ্ছি। বোকার মতো এমন সব খবর ছড়ানোর কোনো মানে হয় না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মুম্বাইয়ের পালি হিলে রণবীর তাঁর বাবা-মায়ের সঙ্গে কৃষ্ণরাজ বাংলো-বাড়িতে থাকেন। বাড়িটির সংস্কারকাজের জন্য সেখান থেকে কিছুদিনের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে থাকবেন বলেই জানিয়েছেন রণবীর। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি এটা আগেও বলেছি। আমি মিথ্যাবাদী নই। আমাদের বাড়ির সংস্কারকাজ করা হবে। বাড়ির আয়তন বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষ হলে আমরা সবাই মিলে আবার সেখানে থাকা শুরু করব।’

মিডিয়ার কাছ থেকে দূরে দূরে থাকেন কেন—এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘নতুন ছবির কাজ না থাকলে আমি মিডিয়ার সঙ্গে কী নিয়ে কথা বলব?’

প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে ফ্রান্সের ইবিজা সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর। রণবীর-ক্যাটের খোলামেলা ছবি ফাঁস হওয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল বলিউডে। পরে গণমাধ্যমে খোলা চিঠিও লিখেছিলেন ক্যাটরিনা। এ বিষয়ে জানতে চাইলে রণবীর বলেন, ‘অতীত ঘেঁটে লাভ কী! যা ঘটার তাতো ঘটেই গেছে। আমরা সবাই আমাদের জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি।’