অভিষেকের আগেই আরও তিনটি ছবি

পূজা বেদি বলিউডের আলোচিত তারকা, টিভি উপস্থাপক ও কলামিস্ট। ‘জওয়ানি জানেমান’ ছবিতে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালার। সাইফ আলী খান ও টাবুর মতো শক্তিশালী ও তারকা অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।

কিন্তু এটি বড় বা নতুন খবর না। বড় আর নতুন খবর হলো, প্রথম ছবি মুক্তির আগেই আরও তিনটি ছবিতে নাম লিখিয়েছেন তিনি। নিতিন কাক্কর পরিচালিত ‘জওয়ানি জানেমান’ ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান নর্দান লাইটস ফিল্মস থেকে ইতিমধ্যে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আলাইয়া। ২০১৮ সালের অক্টোবরে যাত্রা শুরু করা সাইফ আলী খানের প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক নাইট ফিল্মসও যৌথভাবে এই ছবির প্রযোজনা করছে। এটিই সাইফের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত প্রথম ছবি।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চুক্তির বিষয়ে প্রযোজক জয় শিকরামনি বলেন, ‘আমার মন বলেছে, ওকে দিয়ে হবে। প্রথম দিন থেকেই তা মনে হয়েছে। আর আমি কেবল আমার মনের কথা বলেছি। “জওয়ানি জানেমান” ছবির সেটে একজন অভিনয়শিল্পী হিসেবে ও যা দেখিয়েছে, তা দুর্দান্ত। আমাদের ইন্ডাস্ট্রিতে যা দরকার, ওর মধ্যে সেই মেধা আর প্রস্তুতি আছে। আমি ওর সঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’

সাইফ আলী খান ‘মূলধারার’ বলিউড ছবির সঙ্গে সঙ্গে ভিন্ন ধারার ছবিতে নিজেকে জনপ্রিয় করে তুলতে উঠেপড়ে লেগেছেন। ছবিতে ৪৮ বছর বয়সী সাইফকে আলাইয়ার চল্লিশোর্ধ্ব বাবার চরিত্রে দেখা যাবে। আর এই চরিত্রে নিজেকে ফিট করার জন্য অনেকটা ওজন ঝরিয়েছেন তিনি। আর এই বাবা-মেয়ের সম্পর্ক এই ছবির মূল উপজীব্য।

লন্ডনে ২০১৯ সালের জুন মাসে এই ছবির প্রাথমিক আলোকচিত্রের কাজ হয়। তারপর আগস্ট মাসের শুরুতে আলাইয়া এই ছবির শুটিং দলের সঙ্গে যোগ দেন। ২৪ আগস্ট জন্মাষ্টমীর দিন শেষ হয় শুটিং। এখন চলছে শুটিং পরবর্তী কাজ। ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পাবে ‘জওয়ানি জানেমান’।