অভিষেকের ইনস্টাগ্রামে 'বচ্চন খানদানের পোর্ট্রেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকের ইনস্টাগ্রামে পোস্ট করা বচ্চন খানদানের পোর্ট্রেট
অভিষেকের ইনস্টাগ্রামে পোস্ট করা বচ্চন খানদানের পোর্ট্রেট

বলিউডের বচ্চন পরিবারের সন্তান অভিনেতা অভিষেক বচ্চন সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর পরিবারের চার প্রজন্মের একটি পোর্ট্রেটের। অনেকেই বলছেন, এই পোর্ট্রেটটি তৈরি করাতে অভিষেক বচ্চন অনুপ্রাণিত হয়েছেন মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’ দেখে।


পোর্ট্রেটটির আদল দেখলে মনে হবে আদতেই এর অনেকটাই ‘মডার্ন ফ্যামিলি’ সিরিজের ধারণা থেকে তৈরি হয়েছে।

অভিষেকের পোস্ট করা পোর্ট্রেটটির ছবিতে দেখা যাচ্ছে প্রথমে সবার ওপরে অভিষেকের পিতামহ হরিবংশ রাই বচ্চনকে। তিনি বুকের কাছে ধরে রেখেছেন অমিতাভের পোর্ট্রেটের ফ্রেমটিকে। অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেকের পোর্ট্রেটের ফ্রেমটিকে ধরে আছেন। আর অভিষেক বচ্চন ধরে আছেন তাঁর কন্যা আরাধ্য বচ্চনের পোর্ট্রেটের ফ্রেমকে। সব মিলিয়ে এটি আরও একটি বড় পোর্ট্রেটের সৃষ্টি করেছে। যেটিকে ‘বচ্চন খানদানের পোর্ট্রেট’ বললেই সঠিক বলা হয়।

অবশ্য এই পোর্ট্রেটের ছবি পোস্ট করার পাশাপাশি অভিষেক আরেকটি কোলাজ ছবিও পোস্ট করেছেন। এ ছবিতে হরিবংশ রাই বচ্চন, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের মুখ এক পাশ থেকে পরপর রেখে একটি কোলাজ তৈরি করা হয়েছে।

কেবল বলিউডেই নয়, বচ্চন পরিবার ভারতের শিল্পসাহিত্যেও অবদান রেখেছে। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের পিতা হরিবংশ রাই বচ্চন ছিলেন ভারতের একজন বিখ্যাত হিন্দি কবি। অমিতাভের মা তেজি বচ্চনও ছিলেন সংস্কৃতিমনা একজন মানুষ।

সবাই চায় স্মৃতি ধরে রাখতে। আর পরিবারের স্মৃতি, বংশলতিকা এসব বিষয় মানুষের মনে চিরকালই জেগে থাকে। অভিষেকও হয়তো এই পোর্ট্রেটের মাধ্যমে বচ্চনদের স্মৃতি ধরে রাখতে চেয়েছেন। উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে অভিষেক বচ্চনের পিতা ‘মেগা স্টার’ অভিনেতা অমিতাভ বচ্চনের জন্ম। অমিতাভের পিতা হরিবংশ রাই বচ্চন ছিলেন ভারতের একজন নামকরা হিন্দিভাষী কবি। অমিতাভের মা তেজি বচ্চন ফয়সালাবাদের এক শিখ-পাঞ্জাবি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর অনুপ্রেরণায় অমিতাভ বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ‘ইনকিলাব’। পরে তাঁর নাম বদলে রাখা হয় অমিতাভ অর্থাৎ ‘যে আলো নির্বাপিত হয় না।’

যদিও আদতে বচ্চন পরিবারের পদবি ছিল শ্রীবাস্তব কিন্তু অমিতাভ বচ্চনের বাবা নিজের লেখা প্রকাশ করার সময় ছদ্ম-পদবি হিসেবে ব্যবহার করতেন বচ্চন। আর এভাবেই পদবিটি তিনি এক সময় সব জায়গাতেই ব্যবহার করতে শুরু করেন। বচ্চন পদবি নিয়েই অমিতাভ ছবির জগতে আত্মপ্রকাশ করেন। তাঁর পরিবারের সবাই এখন এই একই পদবি ব্যবহার করেন। হরিবংশ রাই বচ্চনের দুই ছেলের মধ্যে অমিতাভ বড়। তাঁর ছোট ছেলের নাম অজিতাভ।

অমিতাভের মায়ের অভিনয়ে খুব উৎসাহ ছিল কিন্তু সাংসারিক দায়িত্ব ও কর্তব্যের জন্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও তিনি ছেড়ে দিয়েছিলেন।

পেশা নির্বাচনের ক্ষেত্রে অমিতাভ বচ্চনের ওপর তাঁর মায়ের প্রভাব স্পষ্ট বোঝা যায়। পুত্রের অভিনয় ক্ষমতার ওপর তাঁর দৃঢ় বিশ্বাস ছিল। ক্যারিয়ার জুড়েই এর উজ্জ্বল প্রমাণ দিয়েছেন অমিতাভ বচ্চন।

‘বিগ বি’ অমিতাভ বচ্চন এলাহাবাদের জ্ঞান প্রোবোধিনী ও বয়েজ হাই স্কুলে (বিএইচএস) লেখাপড়া করেছিলেন। পরে নৈনিতালের শেরউড কলেজের কলা বিভাগে পড়াশোনা করেন তিনি। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরিমল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। অভিনেতা হওয়ার লক্ষ্যে মাত্র কুড়ি বছর বয়সে কলকাতার ব্ল্যাকার অ্যান্ড কোং নামের এক জাহাজ কোম্পানির ফ্রেট ব্রোকারের কাজ ছেড়ে বলিউডের রুপালি পর্দার জগতে পা রাখেন। পিটিআই। এনডিটিভি।