অভিষেকের দুই ফ্যাশন পরামর্শক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন অভিনয় দিয়ে তেমন একটা সুনাম অর্জন করতে না পারলেও ফ্যাশনে কিন্তু তিনি বেশ এগিয়ে। বরাবরই স্টাইলিশ এই অভিনেতার সঙ্গে সব সময় থাকেন দুজন পরামর্শক। এই দুজন তাঁকে ফ্যাশন বিষয়ে টিপস দেন। অভিষেক কোন অনুষ্ঠানে কী পোশাক পরবেন, সেটা দুজন মিলেই ঠিক করে দেন। এর মধ্যে একজনের বয়স আবার মাত্র পাঁচ। হ্যাঁ, এই অভিনেতার মেয়ে আরাধ্য ও স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনই তাঁর ফ্যাশন পরামর্শক।
সম্প্রতি একটি ফ্যাশন শোতে উজ্জ্বল গোলাপি রঙের ব্লেজার পরে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন। ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার পোশাক পরে সেই অনুষ্ঠানে র্যাম্পে হেঁটেছিলেন অভিষেকের বড় বোন শ্বেতা বচ্চন। কিন্তু সবকিছু ছাপিয়ে অনুষ্ঠানে অভিষেকের স্টাইলিশ পোশাকটি যেন ছিল সবচেয়ে বেশি আলোচিত।
অনুষ্ঠানের পরে এক সাক্ষাৎকারেই অভিষেক দিলেন এই তথ্য। জানালেন, তাঁর স্ত্রী আর মেয়ে মিলেই নাকি তাঁর পোশাক-আশাক ঠিক করে দেন। এমনকি সেদিনের গোলাপি ব্লেজার আর ডেনিম পরার বুদ্ধিও ঐশ্বরিয়ার দেওয়া। হিন্দুস্তান টাইমস।