অভিষেকের নতুন পরিচয়!

বলিউডে ১৫ বছর আগে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের। এত দিন শুধু অভিনয়ই করেছেন অভিষেক। সবকিছু ঠিক থাকলে এবার নতুন পরিচয়ে পরিচিত হবেন তিনি। সম্প্রতি চলচ্চিত্রনির্মাতা ফারাহ খান জানিয়েছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সিক্যুয়েলের গল্প ও চিত্রনাট্য লেখার দায়িত্ব নিয়েছেন অভিষেক।
এ প্রসঙ্গে ফারাহ বলেন, ‘অভিষেক ‘‘হ্যাপি নিউ ইয়ার’’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবির সাফল্যের পর এর সিক্যুয়েল তৈরির জন্য আমাকে চাপ দিতে থাকেন তিনি। আমি তাঁকে ছবির গল্প ও চিত্রনাট্য লেখার দায়িত্ব দিয়েছি। তিনি সানন্দেই এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।’
ফারাহ আরও বলেন, ‘চিত্রনাট্য পছন্দ হলে আমি সিক্যুয়েল তৈরি করব।’ ছবিটি তৈরির ক্ষেত্রে তাঁর ভূমিকা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছবিটি পরিচালনা করব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি মুক্তি পায় গত বছরের অক্টোবরে। ১২৫ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৩৪০ কোটি রুপি। অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, ভিভান শাহ প্রমুখ।
‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন