অমল পালেকর হাসপাতালে
অসুস্থ অভিনেতা অমল পালেকর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাঠি ও হিন্দি ছবির বর্ষীয়ান এই অভিনেতা অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। পুনেতে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
সত্তর ও আশির দশকে ‘রজনীগন্ধা’, ‘ছোটি সি বাত’, ‘গোলমাল’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘রংবিরাঙ্গি’, ‘ভূমিকা’, ‘আনকাহি’, ‘নরম গরম’–এর মতো অনেক ছবিতে কাজ করেছেন অমল পালেকর। তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে ভারতীয় গণমাধ্যমকে বলেন, পুনের দীননাথ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। গতকাল বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
এই অভিনেতার স্ত্রী বলেন, অমল পালেকরের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। ও সেরে উঠছে আর শরীরের অবস্থাও আগের চেয়ে ভালো। এটা পুরোনো রোগ। ১০ বছর আগেও অতিরিক্ত ধূমপানের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এখন ভালোই আছে।
শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও নাম করেছেন অমল পালেকর। ২০০১ সালে তাঁর পরিচালিত মারাঠি ভাষার ছবি ‘ধেয়াস পর্ব’ জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। তাঁর পরিচালিত ‘কুয়েস্ট’ ছবিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ১৯৮৬ সালে তিনি অভিনয় ছেড়ে পরিচালনায় মন দেন। প্রায় ২৫টি ছবি পরিচালনা করেন অমল। শুধু তা–ই নয়, মারাঠি ও হিন্দি ছাড়া তিনি বাংলা, কন্নড়, মালয়ালম ও ইংরেজি ভাষায় ছবি পরিচালনা করেছেন।
ওটিটি প্ল্যাটফর্মেও তিনি অভিনয় করেছেন। গত বছর জি ফাইভের ‘২০০—হল্লা হো’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এক দলিত নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।