অমিতাভ-আমিরের সঙ্গে জ্যাকি শ্রফ?

এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খান। সম্প্রতি আমির নিজেই এ খবর নিশ্চিত করেছেন। বিজয় কৃষ্ণ আনন্দ পরিচালিত এই ছবির নাম ‘থাগস অব হিন্দুস্থান’। শোনা যাচ্ছে, ‘বিগ-বি’ ও ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর সঙ্গে এই ছবিতে বলিউডের আরও একজন শক্তিমান অভিনেতাকে দেখা যেতে পারে। জ্যাকি শ্রফই নাকি সেই অভিনেতা।
এর আগে একই পরিচালকের ছবি ‘ধুম থ্রি’-তে আমিরের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ। অমিতাভের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। অবশ্য জ্যাকি আসলেই এই ছবিতে কাজ করছেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে একটি সূত্র বলছে, এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য জ্যাকিকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনি নাকি চরিত্রটি বেশ পছন্দ করেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেননি।
জ্যাকি যদি সত্যিই এই ছবিতে কাজ করতে সম্মত হন, তাহলে বলিউডের তিন প্রজন্মের তিন জনপ্রিয় নায়ককে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শক। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘থাগস অব হিন্দুস্থান’ মুক্তি পাবে ২০১৮ সালে। বলিউড বাবল