অমিতাভ ও জয়া আলাদা থাকছেন!

বলিউডের কিংবদন্তি অভিনেতা ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চন নাকি দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। বচ্চন পরিবারের ফাটল নিয়ে এমন মন্তব্য করেছেন অমিতাভের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু সমাজবাদী পার্টির নেতা অমর সিং।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অমর সিং বচ্চন পরিবার নিয়ে এ মন্তব্য করেছেন।
অমর সিং বলেছেন, কিছু ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে বচ্চন পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে গেছে। এর জন্য তিনি (অমর) মোটেও দায়ী নন। এমনকি রাজনৈতিক কারণে অমিতাভ ও জয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনেও তাঁর কোনো হাত নেই। অমর দাবি করেন, দেশের যেকোনো দ্বন্দ্বেই সমালোচকেরা তাঁকে দায়ী করেন।
অমর সিং দাবি করেন, ‘অমিতাভ ও জয়া আর একসঙ্গে থাকেন না। তাঁরা আলাদা বাসায় থাকেন। আমার সঙ্গে বচ্চন পরিবারের ঘনিষ্ঠতার আগে থেকেই অমিতাভ-জয়া আলাদা থাকেন। তাঁদের একজন থাকেন “প্রতীক্ষা” নামের একটি বাংলোয়। “জনক” নামের একটি বাংলোয় আরেকজন থাকেন। দুটি বাংলোই মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও শাশুড়ি জয়ার সম্পর্ক ভালো না। আর এ সবকিছুর জন্য আমি দায়ী নই।’
অমিতাভের একজন বন্ধুর বরাত দিয়ে হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতীক্ষা’ নামের বাংলোটিতে অমিতাভের মা-বাবা থাকতেন। এ কারণেই তিনি ওই বাংলোতেই এখন থাকেন। আর জয়া ‘জনক’ নামের বাংলোটিতে থাকেন। দুটিই কাছাকাছি হলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। জুহুতেই ‘জলসা’ নামে বচ্চন পরিবারের মূল বাড়ি। সেখানে এখন অভিষেক ও ঐশ্বরিয়া থাকেন। তবে সাপ্তাহিক ছুটির দিনে অমিতাভ ভক্তদের সঙ্গে দেখা করতে সেখানে যান।
এ বিষয়ে অমিতাভ ও জয়া এখনো কোনো মন্তব্য করেননি। পারিবারিক ও রাজনৈতিক বন্ধু অমর সিংহের এই দাবির সত্যতা কতটুকু, তা জানতে অমিতাভ ও জয়ার মন্তব্যের অপেক্ষায় থাকতে হবে তাঁর ভক্তদের।