অমিতাভ-দীপিকার মিটমাট

খ্যাপাটে বাবা ভাস্কর ব্যানার্জির অদ্ভুত শখ পূরণ করতে পিকু ছুটে গিয়েছিল দিল্লি থেকে কলকাতা। নিজের ক্যারিয়ারের ব্যস্ততার তোয়াক্কা করেনি সে। সামাজিক মিডিয়ার এই যুগে সামাজিক সম্পর্কগুলো যখন ঢিলে হয়ে যাচ্ছে, সে সময় বাবা আর মেয়ের অদ্ভুত এক ভালোবাসার গল্প শুনিয়েছিল পিকু। আর সেই ছবির সাফল্য উদ্যাপন করতে গিয়ে পিকু ওরফে দীপিকা পাড়ুকোন যখন পার্টি দিলেন, তাতে নেমন্তন্নই পাননি ভাস্কর ওরফে অমিতাভ বচ্চন!

স্বাভাবিকভাবেই সবাই চমকে গিয়েছিল। কী করে ভুলে গেলেন দীপিকা? গুঞ্জনের খনিতে নানা রটনাও রটল দুজনের সম্পর্কের কথিত অবনতি নিয়ে। দীপিকা অবশ্য এটিকে বলেছিলেন ‘কারিগরি ভুল’। আর অমিতাভও তাঁর বিখ্যাত কবি-পিতার দুই লাইন শুনিয়ে বলেছিলেন, ‘যা হয়ে গেছে, তাকে ভুলে যাও।’
দুজনের মধ্যে যে সবকিছু মিটমাট হয়ে গেছে, সেটাই বোঝা গেল সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকা আর অমিতাভ পরস্পর যখন উষ্ণ অভিবাদন বিনিময় করলেন। পরে অমিতাভ টুইটারে দুজনের একটা দারুণ ছবি পোস্টও করেছেন। টিএনএন।