অমিতাভকে কেন 'দুষ্টলোক' ভাবতেন কারিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান ও অমিতাভ বচ্চন
কারিনা কাপুর খান ও অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন শতব্যস্ততার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্লগেও নিয়মিত লেখেন। তাঁর দীর্ঘ বলিউড ক্যারিয়ারের অভিজ্ঞতার ঝুলি যত বড় হচ্ছে, ব্লগের লেখালেখিও হচ্ছে তত সমৃদ্ধ। আর এতে তাঁর ভক্তরাও বেশ লাভবান হচ্ছেন। প্রিয় অভিনেতার সম্পর্কে অনেক কিছুই জানতে পারছেন সেই ব্লগ পড়ে। অভিনেত্রী কারিনা কাপুর খান সম্পর্কে যেমন একবার বেশ মজার একটি স্মৃতি ‘বিগ বি’ শেয়ার করেছিলেন তাঁর ব্লগে।

‘পুকার’ ছবির শুটিং-এর ফাঁকে অমিতাভ বচ্চন। পাশে ছোট্ট কারিনা
‘পুকার’ ছবির শুটিং-এর ফাঁকে অমিতাভ বচ্চন। পাশে ছোট্ট কারিনা

১৯৮৩ সালে কারিনার বাবা অভিনেতা রণধীর কাপুর ও অমিতাভ বচ্চন একসঙ্গে ‘পুকার’ ছবির শুটিং করছিলেন। কারিনার বয়স তখন মাত্র তিন বছর। বাবার শুটিংয়ে মাঝে মাঝে কারিনাও হাজির হতেন। সমুদ্রসৈকতে রণধীর ও অমিতাভের একটি মারামারির দৃশ্য ছিল ছবিতে। সেই দৃশ্য ধারণের দিনও কারিনা সেটে এসেছিলেন। অমিতাভের লেখায় জানা যায়, ছোট্ট বেবো (কারিনার ডাক নাম) নাকি খুব সুন্দর একটি হ্যাট পরে এসেছিলেন সেদিন। সেই হ্যাটের ছোট ছোট গোলাপি ফুলগুলো কত সুন্দর তা ‘বিগ বি’ বর্ণনা করছিলেন কারিনার কাছে। কিন্তু কারিনার হ্যাটের এত প্রশংসা করেও কোনো লাভ হয়নি। ছোটবেলায় কারিনার চোখে অমিতাভ বচ্চন ছিলেন এক ‘দুষ্টলোক’।

কারিনার ছোটবেলার ছবি। সঙ্গে তাঁর বোন কারিশমা কাপুর, বাবা রণধীর কাপুর ও মা ববিতা
কারিনার ছোটবেলার ছবি। সঙ্গে তাঁর বোন কারিশমা কাপুর, বাবা রণধীর কাপুর ও মা ববিতা

কারণ, অমিতাভ যে বেবোর বাবা রণধীরকে খুব মেরেছিলেন সেই দিন। যদিও সেটা ছিল অভিনয়। কিন্তু ছোট্ট কারিনা কী আর তখন অতশত বোঝেন? ক্যামেরায় যখন অমিতাভ-রণধীরের মারামারি চলছে তখন কারিনা দৌড়ে যান তাঁর বাবার কাছে। ছোট্ট কারিনার চোখ বেয়ে তখন অশ্রু ঝরছে। বাবাকে অমিতাভের হাত থেকে বাঁচানোর জন্য সেদিন কারিনা চিৎকার করতে করতে ছুটে গিয়েছিলেন। তখন থেকেই অমিতাভকে খুব খারাপ লোক ভাবতে শুরু করেন তিনি। বড় হওয়ার পরে অবশ্য তাঁর সে ভুল ভেঙেছে।
আজ কারিনা নিজেই এক সন্তানের মা। ‘পুকার’ ছবির যখন শুটিং চলছে তখন কারিনা সৈকতে কীভাবে ঘুরে বেড়াতেন সেই স্মৃতিও মনে করেন অমিতাভ। বালুতে কারিনা পা ময়লা করে ফেলার পর ‘বিগ বি’ নাকি খুব যত্ন করে তাঁর ছোট ছোট পদ যুগল ধুয়ে দিয়েছিলেন। সেই মুহূর্তের স্মৃতি নাকি কারিনারও আবছা মনে আছে।
২০১৩ সালে ‘বিগ বি’ ও কারিনা একসঙ্গে ‘সত্যগ্রহ’ ছবিতে অভিনয় করেছিলেন। সে সময়েই কারিনার সঙ্গে নিজের মধুর সেসব স্মৃতির কথা স্মরণ করেন অমিতাভ বচ্চন। এই দুই তারকা ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতেও ছিলেন।
বলিউড বাবল