অমিতাভকেই সবার পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

বলিউডের তারকা অভিনেতা আমির খান ছিলেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি আমিরের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কারণ দেখিয়ে ভারতের পর্যটন মন্ত্রণালয় এ পদ থেকে সরিয়ে দিয়েছে তাঁকে। আমিরের জায়গায় কর্তৃপক্ষের প্রথম পছন্দ অমিতাভ বচ্চনকে। কর্তৃপক্ষের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার।

এদিকে ২২তম স্ক্রিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় বলিউডের অনেক তারকাই এ বিষয়ে তাঁদের মতামত জানিয়েছেন। তবে অধিকাংশই ‘বিগ বি’ অমিতাভ বচ্চনকেই এ পদের জন্য সবচেয়ে যোগ্য মনে করছেন।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেছেন, এখানে ‘বিগ বি’ অমিতাভকে ডাকাই ঠিক হবে।

আরেক অভিনেতা রণবীর সিং বলেছেন, তাঁকেই (অমিতাভ বচ্চন) এ পদটি দেওয়া উচিত। তিনি একজন ‘আইকন’।

যথার্থই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সত্যিকারের একজন ‘আইকন’ ও এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি।

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এখন অমিতাভের সঙ্গে সুজয় ঘোষের একটি সিনেমায় কাজ করছেন। তিনিও ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অমিতাভকেই এগিয়ে রাখছেন। তাঁর ভাষ্য, ‘আমি খুব খুশি। এটি তাঁর প্রাপ্য।’

নির্মাতা সুধীর মিশ্র এই ‘পিকু’ তারকাকে ‘ইনক্রেডিবল’ বা ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি একজন দারুণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমিরও দারুণ ছিলেন। তিনি বলেন, অমিতাভ বচ্চনের প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি শুধু একজন চলচ্চিত্র অভিনেতাই নন; তিনি মার্জিত, সংস্কৃতি বোঝেন, ভারতকে বোঝেন। ‘বিগ বি’ সম্পর্কে এই নির্মাতা বলেছেন, ‘তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি।’


এদিকে ‘দাবাং’ তারকা সোনাক্ষী সিনহা মনে করেন, এই পদের জন্য অমিতাভ বচ্চনের চেয়ে যোগ্য আর কেউই হতে পারেন না।

সোনাক্ষী বলেছেন, ‘আমার মনে হয়, তাঁর মতো করে আর কেউ ভারতের শিল্প ও সিনেমাকে তুলে ধরতে পারেন না। তিনি এ কাজটি বহু দিন ধরেই করছেন। তাঁর চেয়ে ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর কেউই হতে পারেন না।’

অমিতাভ প্রসঙ্গে তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান বলেছেন, তিনি (অমিতাভ বচ্চন) নিঃসন্দেহে অবিশ্বাস্য। তিনি তাঁর প্রাপ্য সম্মানই পেয়েছেন।

‘পিকু’ নির্মাতা সুজিত সরকার পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অনেক খুশি। অমিতাভ বচ্চন যা-ই করবেন তার সঙ্গেই নাকি তিনি আছেন। এমন কথাই জানিয়েছেন সুজিত। তাঁর মতে, অমিতাভ একজন কিংবদন্তি।

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই অমিতাভের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গে বলেন, এটি তাঁর জন্য অবশ্যই একটি বিরাট সম্মান।

এ ছাড়া কবির খান, রাভিনা টেন্ডন, শিল্পা শেঠি, রনিত রয়সহ বলিউডের আরও অনেক তারকাই ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পিটিআই। এনডিটিভি।