অমিতাভের কাছে এক কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন না জেনে একটি কবিতা ফেসবুক ও টুইটারে অন্য কবির নামে পোস্ট করে ফ্যাসাদে পড়ে গেছেন। সম্প্রতি ওই কবিতার রচয়িতা অমিতাভ বচ্চনের কাছে এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশের জবাব দেওয়ার জন্য অমিতাভকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ড. জগবীর রাঠি ২০০৬ সালে একটি কবিতা লিখেছিলেন। ওই কবিতা অমিতাভের সঙ্গে ফেসবুকে শেয়ার করেন তাঁর এক ভক্ত বিকাশ দুবে। কবিতায় কবির নাম লেখা ছিল না । অমিতাভ কবিতাটি দুবের লেখা ভেবে তা অন্যদের সঙ্গে শেয়ার করেন। ব্যাপারটি জানার পর রাঠি এই ভুল শুধরে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অমিতাভের সঙ্গে ফেসবুক ও টুইটারে যোগাযোগ করলেও তাতে সাড়া দেননি অমিতাভ।
এক বছর ধরে অমিতাভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সম্প্রতি রাঠি তাঁর আইনজীবীর মাধ্যমে অমিতাভের কাছে এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠান। ড. রাঠি ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের যুবকল্যাণ দপ্তরের অধিকর্তা।