অমিতাভের টুইটার অ্যাকাউন্টে হ্যাকারদের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

টুইটারে দারুণ সক্রিয় বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে আজ সোমবার সকালটা তার জন্য খুব বেশি সুখকর হয়নি। সকালে উঠেই টের পেয়েছেন যে, তাঁর টুইটার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে এর সঙ্গে পর্নো সাইটের সঙ্গে লিংক করে দিয়েছে। অবশ্য এ বিষয়ে সচেতনতার পরিচয়ই দিয়েছেন বিগ বি। তাঁর অফিশিয়াল সাইটটি হ্যাক হয়ে যাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গেই ভক্তদের জানিয়ে দিয়েছেন।
টুইটে অমিতাভ জানিয়েছেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। পর্নো সাইটগুলো এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যেই এটা করে থাকুক না কেন, তাকে বলছি, বন্ধু অন্য কোথাও এসব কারসাজি কর, আমার এসবের কোনো দরকার নেই।’
দিলীপ কুমার, হেমা মালিনী, শাহরুখ খানের মতো বড় বড় তারকা থেকে শুরু করে অনেকেই টুইটারে অমিতাভ বচ্চনকে অনুসরণ করেন। টুইটারে এক কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী রয়েছে ৭২ বছর বয়সী এই বলিউড তারকার।
টুইটারকে ‘যৌথ পরিবার’ বলে মনে করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। কারণ, তিনি টুইটারের মাধ্যমে সহজেই সবার খবরাখবর নিতে পারেন আর পাশাপাশি বিভিন্ন বিষয় জানতেও পারেন। (আইএএনএস)