অমিতাভের পরেই ছুটছেন শাহরুখ

সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারে ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চনের ঠিক পেছনে ছুটছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা শাহরুখ খান। গতকাল শুক্রবার টুইটারে কিং খানের অনুসারীর সংখ্যা ৯০ লাখ অতিক্রম করেছে। তবে এক কোটির বেশি টুইটার অনুসারী নিয়ে বলিউডের অভিনেতাদের মধ্যে টুইটারে রাজত্ব ধরে রেখেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
২০১০ সালে টুইটারে যোগ দিয়েছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। সম্প্রতি তিনি নয় মিলিয়নেরও বেশি টুইটার অনুসারী জুটিয়ে অমিতাভের পরই নিজের অবস্থান করে নিয়েছেন। টুইটারে এ দৌড়ে শাহরুখ পেছনে ফেলেছেন তাঁর সমসাময়িক দুই তারকা অভিনেতা আমির ও সালমান খানকে। বর্তমানে আমির ও সালমানের টুইটার অনুসারীর সংখ্যা যথাক্রমে ৮.৪৩ ও ৮.২৫ মিলিয়ন। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সম্প্রতি ফেসবুকে দুই কোটি লাইক পেয়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সালমান খান। এ দৌড়ে তিনি পেছনে ফেলেছেন শাহরুখ, আমির ও অমিতাভের মতো বাঘা তারকাদের। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেসবুকে সালমানের লাইকের সংখ্যা ছিল ২০ মিলিয়ন চার হাজার ৫২২টি। অমিতাভ, আমির ও শাহরুখের লাইকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫ মিলিয়ন ছয় লাখ ৩২ হাজার ৭৩৭টি, ১৫ মিলিয়ন ৩২ হাজার ৫২২টি ও ১০ মিলিয়ন নয় লাখ ২৭ হাজার ৩৭৮টি।