অমিতাভের ভক্তের তালিকায় বাঘ

অমিতাভের ভক্তের সংখ্যা কত, তা বলা মুশকিল। বৃদ্ধ থেকে তরুণ-তরুণী—সব বয়সী ভক্ত মিলবে উপমহাদেশের এই জীবন্ত কিংবদন্তির। দেশ-বিদেশে গত কয়েক দশক অমিতাভ বচ্চন যেখানেই গেছেন, ভক্তরা সেখানেই তাঁর পিছু নিয়েছেন, ভিড় করেছেন। এবার তাঁর ভক্তদের কাতারে যুক্ত হলো রয়েল বেঙ্গল টাইগার।
কি, বিশ্বাস হচ্ছে না? কিন্তু অমিতাভ বচ্চনের টুইট আর ছবি তো সেই কথাই বলছে। প্রায় চার কিলোমিটার পথ অমিতাভের পিছু পিছু এসেছে একটি বাঘ। সেই মুহূর্তের ছবি নিজের ক্যামেরায় ধরে রেখে ফেসবুকে ভক্তদের জন্য দিয়েছেন অভিনেতা নিজেই।
ঘটনাটি গত মঙ্গলবারের। ওই দিন মুম্বাইয়ে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করছিলেন অমিতাভ বচ্চন। হঠাৎ তাঁর পিছু নেয় এই হলুদ কালো ডোরাকাটা বাঘ।

নায়ক বলে কথা, মোটেও ঘাবড়ে যাননি অমিতাভ। মুঠোফোন বের করে ছবি তুললেন, এমনকি সেলফিও। পরে তা দিয়েছেন নিজের ফেসবুক, টুইটার আর ব্লগে। ক্যাপশনও তিনি নিজেই লিখেছেন, ‘দেখো, এই বিগ ক্যাটের সঙ্গে এখন আমি জঙ্গল সাফারি করছি!’
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মুম্বাই ফিল্ম সিটির মাঝেই। শুটিংয়ের প্রয়োজনে সেখানে প্রায়ই যেতে হয় অভিনয়শিল্পীদের। তবে বাঘ পিছু নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে বলে জানা যায়নি।
কিন্তু সেদিন এই উদ্যানে কোনো শুটিংয়ের প্রয়োজনে যাননি অমিতাভ। ভারতের মহারাষ্ট্রের ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণের দূত হিসেবে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে ওখানে যান তিনি। সেখানে তিনি ব্যাঘ্র সংরক্ষণের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তথ্যসূত্র: এনডিটিভি।