অমিতাভের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

তৃতীয়বারের মতো ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা পদ্ম পুরস্কার পেতে যাচ্ছেন ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চন। এ বছর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ পাচ্ছেন তিনি। এর আগে পদ্মভূষণ ও পদ্মশ্রী খেতাব অর্জন করেছিলেন ৭২ বছর বয়সী এ তারকা অভিনেতা। হিন্দি চলচ্চিত্রের আরেক প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারও ২০১৫ সালের পদ্মবিভূষণ সম্মাননা পাচ্ছেন।

এ বছর পদ্মবিভূষণ খেতাবের জন্য নির্বাচিত হয়েছেন জানার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ্ম পুরস্কার পদ্মবিভূষণের জন্য আমাকে নির্বাচিত করেছে ভারত সরকার। এই সিদ্ধান্ত যাঁরা নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। ’ এ ছাড়া ভক্তদের উদ্দেশ করে এক টুইটার বার্তায় অমিতাভ লিখেছেন, ‘আমি শুধু এটাই বলতে পারি, আপনারা না থাকলে এই খেতাব পাওয়ার যোগ্যতা আমার হতো না। ’

২০১৫ সালের পদ্ম পুরস্কার যাঁরা পেতে যাচ্ছেন তাঁদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল রোববার। এ বছর ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাচ্ছেন শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন অঙ্গনের মোট ১০৪ জন বিশিষ্ট ব্যক্তি। পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিতদের মধ্যে অমিতাভ বচ্চন ও দিলীপ কুমার ছাড়াও সঞ্জয় লীলা বানশালী, এমনকি বিল গেটসও রয়েছেন।

প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। আর মার্চ কিংবা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি। এ বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী খেতাব পাচ্ছেন যথাক্রমে ৯ জন,২০ জন ও ৭৫ জন। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম। 

এ বছর পদ্মশ্রী খেতাবের জন্য নির্বাচিত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বনশালী। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ৫১ বছর বয়সী এ নির্মাতা বলেন, ‘আমার মনে হচ্ছে, আমি জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যেখানে বছরের পর বছর ধরে আমার পরিশ্রম এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা চূড়ান্তভাবে ফলপ্রসূ হয়েছে। ৪০ বছর বয়সের চেয়ে আজ অনেক বেশি পরিপূর্ণ মনে হচ্ছে নিজেকে। ’
পদ্মশ্রী খেতাবের জন্য আরও নির্বাচিত হয়েছেন প্রখ্যাত গীতিকার, কবি, লেখক ও চিত্রনাট্যকার প্রসূন যোশী, গায়ক ও অভিনেতা শংকর সেন, কার্টুনিস্ট প্রয়াত প্রাণ কুমার শর্মা প্রমুখ। এ ছাড়া সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ খেতাবের জন্য বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের নাম ঘোষণা করা হয়েছে।