অমিতাভের 'পিকু' দেখলেন ভারতের রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখার্জি-অমিতাভ বচ্চন
প্রণব মুখার্জি-অমিতাভ বচ্চন

বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন অভিনীত ‘পিকু’ ছবিটি দেখলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গত রোববার রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবিটি রাষ্ট্রপতি তাঁর মেয়ে শর্মিষ্ঠাকে পাশে নিয়ে দেখেন। রাষ্ট্রপতি ও তাঁর মেয়ের মাঝে বসেছিলেন অমিতাভ বচ্চন।
ছবিটি এদিন আরও দেখেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, রেলমন্ত্রী সুরেশ প্রভু, ছবির পরিচালক সুজিত সরকার, অমিতাভপুত্র অভিষেক বচ্চনসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তবে বিদেশে থাকার কারণে এদিন উপস্থিত হতে পারেননি ‘পিকু’ ছবির প্রধান দুই অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। ছবিটি দেখার পর রাষ্ট্রপতি নৈশভোজের আমন্ত্রণ জানান অতিথিদের। রাষ্ট্রপতি এদিন ছবির কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন।
‘পিকু’ ছবি দেখে রাষ্ট্রপতি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। টুইট করে বলেছেন, ‘বাংলা হিন্দি মেশানো সংলাপ রাষ্ট্রপতির দারুণ পছন্দ হয়েছে।’
এর আগে গত বছর অমিতাভ বচ্চন অভিনীত ‘ভূতনাথ রিটার্নস’ ছবিও দেখানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে।