অর্জুন এখনো একা!

বলিউডের তরুণ অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর মেয়ে সহকর্মীদের জড়িয়ে নানা সময় নানা গুঞ্জন শোনা গেছে। তাঁর নামের সঙ্গে কখনো জুড়েছে আলিয়া ভাটের নাম তো কখনো সোনাক্ষী সিনহার। ইদানীং শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গেও তাঁর বন্ধুত্ব বাড়ছে। চলতি বছরের জুন মাসে আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্জুন-জ্যাকুলিন একসঙ্গে উপস্থিত হয়ে নতুন করে পত্রিকার শিরোনাম হয়েছিলেন। অবশ্য, অর্জুনের দাবি তিনি এখনো একাই আছেন। কারও সঙ্গেই নাকি এ মুহূর্তে প্রেম করছেন না তিনি।
৩০ বছর বয়সী এই ‘ইশকজাদে’ তারকা মনে করেন, এখনো তাঁর বিয়ের বয়স হয়নি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার মনে হয় বিয়ের জন্য আমার বয়স এখনো অনেক কম।’ তিনি বলেন, কোনো সম্পর্ককে ঠিকমতো লালন করতে চাইলে সময় দিতে হয়। প্রেম করার জন্য ফাঁকাই আছি; তবে বিয়ের জন্য এখনো প্রস্তুত নই। আমাকে জীবন এবং কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে দিন।’
সমসাময়িক কোনো নায়িকাকে মনে ধরছে না বলেই হয়তো এখনো একা আছেন অর্জুন কাপুর; কে জানে! সাইফ আলী খানের বেগম কারিনা কাপুর খানের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে কিছুদিন আগে সংবাদমাধ্যমের নজর কাড়তে চেয়েছেন। বলিউডের বাতাসে এমন গুঞ্জনও রটেছে। তবে বাস্তবতা হলো, অর্জুন বেচারা সেখানেও কোনো সুবিধা করতে পারেননি। ‘ছোটে নবাব’ পত্নীর ‘ভালো বন্ধু’ হয়েই থাকতে হচ্ছে তাঁকে।
প্রসঙ্গত, অর্জুন কাপুর ও কারিনা কাপুর খান একসঙ্গে অভিনয় করেছেন নির্মাতা আর বালকির ‘কি এন্ড কা’ চলচ্চিত্রে। এনডিটিভি।