অর্জুনই পরিণীতির পরিণতি!

পরিণীতির পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এদিকে দিদি প্রিয়াঙ্কা চোপড়া তো হলিউড মাতাচ্ছেন। কিন্তু পরিণীতির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ‘হাসি তো ফাঁসি’, ‘দাওয়াত ই ইশক’, ‘কিল দিল’সহ একাধিক ফ্লপের ধাক্কা সামলাতে হয়েছে বলিউড সুন্দরীকে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেরি প্যারি বিন্দু’কে ঘিরে অনেক আশা ছিল এ অভিনেত্রীর। কিন্তু সে আশাতেও জল ঢেলে দিয়েছে দর্শক। পরিণীতির পরিণতি হয়তো তাঁর লাকি চ্যাপ অর্জুন কাপুরের হাত ধরেই ভালো হতে পারে। আবার তাঁরা একসঙ্গে আসতে চলেছেন দিবাকর ব্যানার্জির ছবিতে।
পাঁচ বছর আগে অর্জুনের সঙ্গে জুটি বেঁধে বলিউড সুন্দরী ‘ইশকজাদে’ ছবিটি করেন। এই ছবিটি চিত্র সমালোচক তথা দর্শক—সবারই প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে তাঁদের অনস্ক্রিন রসায়ন রীতিমতো সাড়া ফেলে। এমনকি পরিণীতি ছবিতে তাঁর চরিত্রের জন্য ‘বিশেষ মেনশন’ জাতীয় পুরস্কারও পান। আবার দিবাকর ব্যানার্জির ছবিতে ফিরে আসছে ‘ইশকজাদে’র সেই হট জুটি। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন এবং পরিণীতি দুজনেরই চিত্রনাট্য পছন্দ হয়েছে। এবং দুজনেই দিবাকরকে সবুজ সংকেত দিয়েছেন। অ্যাকশন-রোমান্সধর্মী এই ছবিটির গল্প বোনা হয়েছে উত্তর ভারতের পটভূমিকায়। অর্জুনকে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে। তবে পরিণীতির চরিত্রটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।
পরিণীতি এখন ব্যস্ত ‘গোলমাল এগেইন’ ছবির কাজ নিয়ে। এখন দেখা যাক, পরিণীতির ‘রিয়েল লাইফ’ বন্ধু অর্জুন ‘রিল লাইফ’-এ তাঁর ভাগ্যের চাকা কতটা ঘোরাতে পারেন।