অর্পিতার অনুষ্ঠানে আসেননি মালাইকা-আরবাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালাইকা অরোরা ও আরবাজ খান
মালাইকা অরোরা ও আরবাজ খান

কিছুদিন ধরেই বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে আরবাজ খান ও মালাইকা অরোরা খানের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। ‘কথিত’ এই বিচ্ছেদের কারণ হিসেবে বলিউডের অন্য এক তারকার নামও শোনা গেছে। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার অধিক ঘনিষ্ঠতাই নাকি এ জুটির বিচ্ছেদের পেছনে মূল ভূমিকা রেখেছে। দিন কয়েক আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন খবরই প্রকাশ করেছিল। এবার খোদ আরবাজ-মালাইকা জুটি নতুন করে ইন্ধন জোগালেন। রোববার আরবাজ খানের বোন অর্পিতার ‘বেবি শাওয়ার’ বা সাতশা অনুষ্ঠানে এই দুজনের কাউকেই দেখা যায়নি। বোন অর্পিতার এই অনুষ্ঠানে আরবাজ খান কিংবা তাঁর স্ত্রী মালাইকা কেউই আসেননি!

১৫ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আরবাজ খানের বোন অর্পিতা খান শর্মার সাতশা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাঁর পরিবার। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে তাঁদের পুরো খানদান তো উপস্থিত ছিলই, সঙ্গে ছিলেন বলিউডের অনেক তারকাই।
অথচ এত জমকালো অনুষ্ঠানে দেখা মেলেনি অর্পিতার ভাই আরবাজ ও ভাবি মালাইকার। পারিবারিক প্রায় প্রতি অনুষ্ঠানেই খান পরিবারের সব সদস্যকে একসঙ্গে পাওয়া যায়, তবে এবার এই দুজনের অনুপস্থিতি সবারই বেশ চোখে লেগেছে।
তার ওপরে কিছুদিন আগেই ছড়িয়েছে এই জুটির বিচ্ছেদের গুঞ্জন। সব মিলিয়ে তাঁদের অনুপস্থিতির বিষয়টা এ গুজবকে যেন আরও উসকে দিল।
এদিকে অর্পিতার আরেক ভাবি, সোহেল খানের স্ত্রী সিমাকেও অনুষ্ঠানে দেখা যায়নি। সোহেল-সিমার বৈবাহিক জীবন নিয়েও নানা কানাঘুষা চলছিল কিছুদিন ধরে।
খান পরিবারের ভাই-বোনদের মধ্যে কনিষ্ঠতম সদস্য অর্পিতা খান শর্মা ২০১৪ সালে আয়ুশ শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের উৎসবও হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণ।
রোববার অর্পিতার সাতশার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা, ভাই সালমান খান, সোহেল খান, বাবা সেলিম খান, মা সালমা খান, সৎমা হেলেন ও বোন আলভিরা।
এ ছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তারকা রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, আনুশকা শর্মা, ওয়াহিদা রহমান, শিল্পা শেঠি, কবির খান, সংগীতা বিজলানী, স্নেহা উলাল, সাজিদ নাদিয়াদওয়ালা প্রমুখ। মিড-ডে।