অল্পে রক্ষা!

ভাগ্যিস সিদ্ধার্থ মালহোত্রা এগিয়ে এসেছিলেন। নইলে লজ্জায় একশেষ হয়ে যেতেন পরিণীতি। বিরাট বিপদ থেকে বেঁচে গেলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া!
ঘটনা ঘটে একটি বিয়ে-পূর্ববর্তী অনুষ্ঠানে। ভারতের ধনাঢ্য আম্বানি পরিবারের ছেলে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বাগদান অনুষ্ঠানে এক হয়েছিলেন বলিউডের বাঘা বাঘা সব তারকা। সেখানে আসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াও। বলিউড অভিনেত্রীরা বরাবরই ফ্যাশন-সচেতন। পরিণীতি সেদিক থেকে কম যান না। ফ্যাশনেবল পোশাক পরে যেমন মনোযোগ কাড়েন দর্শকদের, তেমনি মাঝেমধ্যে বিব্রতকর মুহূর্তের জন্ম দেন তিনি। পরিণীতি চোপড়া সেই রাতে তেমনই বিব্রতকর এক ঘটনার মুখোমুখি হন।
আকাশ-শ্লোকার বাগদানের সন্ধ্যায় পরিণীতি হাজির হন চমৎকার ধুতি, প্যান্ট এবং অফ শোলডার ক্রপ টপ পরে। কিন্তু তাঁর কাপড়ের ভাঁজ দেখে মনে হচ্ছিল যেন তিনি শাড়ি পরে আছেন। অনুষ্ঠানস্থলে এই পোশাক নিয়েই বেকায়দায় পড়েন পরিণীতি। হঠাৎ ভিড়ের মধ্যে তাঁর পোশাকটি খুলে যাওয়ার উপক্রম হয়। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলেই যাচ্ছে। এর মধ্যে সেটা আটকাতে চেষ্টা করছিলেন পরিণীতি। কিন্তু কোনোক্রমেই আটকাতে পারছিলেন না। পরে সেখানে এই অভিনেত্রীর সহযোগিতায় এগিয়ে আসেন বন্ধু বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ পাশ থেকে ঠিকঠাক করে দেন পোশাক। এ যাত্রায় পরিণীতি বেঁচে যান। অল্পেই মেলে রক্ষা!
২০১৪ সালের পর এই জুটি গণমাধ্যমের আলোয় না থাকলেও এ ঘটনায় দুজনকে আবার দেখা গেল এক ফ্রেমে। ওই বছর এই জুটিকে দেখা যায় ‘হাসি তো ফাঁসি’ ছবিতে। শিগগিরই নাকি তাঁদের আবার দেখা যাবে একসঙ্গে, এবারের ছবির নাম ‘শটগান শাদি’। সূত্র : মিড-ডে।