অল্পের জন্য রক্ষা পেলেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ভক্তদের জন্য দুঃসংবাদই বটে। সম্প্রতি ‘ফিতুর’ ছবির শুটিং করার সময় অল্পের জন্য ঘোড়ার পিঠ থেকে পড়ে যাননি তিনি। সত্যি সত্যিই পড়ে গেলে মারাত্মক আহত হওয়ার সম্ভাবনা ছিল তাঁর। অল্পের ওপর দিয়ে রক্ষা পেলেও, ক্যাটের ঘাড় ও কোমরে চোট লেগেছে। তবে চোট তেমন গুরুতর না হওয়ায় ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ছবির একটি দৃশ্যের প্রয়োজনে ঘোড়ার পিঠে চড়তে হয় ক্যাটকে। শুটিংয়ের মাঝপথে হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তাঁর শরীরের অর্ধেক অংশ ঘোড়ার পিঠ থেকে নিচের দিকে পড়ে যায়। আর একটু হলেই ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে যেতেন। তবে শেষ পর্যন্ত মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। ভারসাম্য সামলে আবারও ঘোড়ার পিঠে চেপে বসেন ক্যাট। এমন ভয়ংকর বিপদের মুখে পড়েও ঘাবড়ে না গিয়ে শুটিং চালিয়ে যান। শুটিং শেষ হওয়ার পরপরই বুঝতে পারেন, ঘাড়ে ও কোমরে চোট পেয়েছেন।
ভিক্টোরিয়া যুগের প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশনস’ উপন্যাস অবলম্বনে ‘ফিতুর’ ছবি তৈরি করছেন ‘রক অন’খ্যাত বলিউডের চলচ্চিত্রনির্মাতা অভিষেক কাপুর। সিদ্ধার্থ রয় কাপুর প্রযোজিত ছবিটির প্রধান কয়েকটি চরিত্রে আছেন আদিত্য রয় কাপুর, ক্যাটরিনা কাইফ, রেখা, অদিতি রাও হায়দারি, রাহুল ভাট, অক্ষয় ওবেরয় প্রমুখ। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।