অসুস্থ শরীরেই উপস্থাপনা

মাত্রই জ্বর থেকে উঠেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। টিভি রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-এর বিচারক তিনি। অসুস্থতার কারণে কয়েক দিন এই অনুষ্ঠানের শুটিং করতে পারেনি। কিন্তু অসুস্থ শরীর নিয়েই মুম্বাইয়ের একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করার প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে। কাজের ক্ষেত্রে বরাবরই পেশাদার জ্যাকি আবারও তাঁর পেশাদারির প্রমাণ দিলেন।
জ্যাকুলিনের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জ্বর সেরে গেলেও এই অভিনেত্রী এখনো শারীরিকভাবে দুর্বল। তা সত্ত্বেও তিনি মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজের (মামি) উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। কারণ, চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের সঙ্গে আগেই তাঁর কথা হয়ে গিয়েছিল।
এই প্রসঙ্গে জ্যাকুলিনের বক্তব্য, ‘এমন সম্মানজনক একটি অনুষ্ঠান উপস্থাপনা করব ভেবে আমি ভীষণ উচ্ছ্বসিত বোধ করছি। আমি এখন উৎসব শুরুর অপেক্ষায় আছি। আর সেখানে প্রদর্শিত চলচ্চিত্রগুলো দেখার জন্যও মুখিয়ে আছি।’ হিন্দুস্তান টাইমস