অসুস্থ হয়ে বাড়ি ফিরলেন আলিয়া

হাসপাতাল থেকে তারকাদের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর প্রায়ই প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এবার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা আলিয়া ভাটও এ ধরনের খবরের শিরোনাম হলেন। তবে সুস্থ হয়ে নয়, অসুস্থ হয়ে বাড়ি ফেরায় খবরের শিরোনাম হয়েছেন আলিয়া। ইউরোপে প্রচণ্ড ঠান্ডার মধ্যে শানদার ছবির শুটিং করতে গিয়ে প্রচণ্ড জ্বর ও পেটব্যথা শুরু হয় তাঁর। অসুস্থ অবস্থায়ও শুটিং চালিয়ে যান তিনি। তবে শুটিংয়ের ধকল সইতে না পেরে শেষ পর্যন্ত মুম্বাই ফিরতে হয়েছে তাঁকে। বাড়ি ফিরে চিকিৎসকের পরামর্শে বিছানা বিশ্রামে আছেন তিনি।
রোমান্টিক-কমেডি ঘরানার শানদার ছবিতে আলিয়া জুটি বেঁধেছেন শহিদ কাপুরের সঙ্গে। ছবির শুটিংয়ের কাজে ছবির দলের সদস্যদের সঙ্গে ইউরোপ যান আলিয়া। কিন্তু ইউরোপের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড জ্বরের পাশাপাশি তীব্র পেটব্যথা শুরু হয় তাঁর। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য-পরীক্ষাও করা হয়। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অসুস্থ হলেও ছবির শুটিং শিডিউলে যাতে কোনো ঝামেলা না হয়, সে জন্য অসুস্থ শরীরেই শুটিং চালিয়ে যান আলিয়া। নিজের অংশের শুটিং শেষ হওয়ার পরই কেবল তিনি মুম্বাই ফেরেন। আলিয়ার এমন পেশাদার আচরণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আলিয়ার অসুস্থতা সম্পর্কে তাঁর বাবা বলিউডের চলচ্চিত্রনির্মাতা মহেশ ভাট জানিয়েছেন, আলিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য-পরীক্ষা করা হয়। ধারণা করা হয়েছিল, তাঁর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে। তবে স্বাস্থ্য-পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, সেটি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নয়।
মহেশ ভাট আরও জানান, আসলে শুটিংয়ের প্রচণ্ড ব্যস্ততার কারণে সময়মতো খাওয়া-দাওয়া করতে পারেননি আলিয়া। এ জন্য তাঁর অ্যাসিডিটির সমস্যা হয়। আগামী কয়েক দিন বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে।