অসুস্থতার কারণে অমিতাভের শুটিং বাতিল

শারীরিক অসুস্থতার জন্য ছবির শুটিং বাতিল করলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। গত সপ্তাহ থেকে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবির শুটিং শুরু করেন অমিতাভ। ছবিটিতে তাঁর সহশিল্পী দীপিকা পাড়ুকোন, ইরফান খান প্রমুখ। কিন্তু হঠাৎ করেই ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় গতকাল রোববার ছবির শুটিং করতে পারেননি অমিতাভ।
বিরক্তি প্রকাশ করে এক টুইটার বার্তায় গতকাল সন্ধ্যায় অমিতাভ লেখেন, ‘কেবল জানতে পারলাম, জ্বরে আক্রান্ত হয়েছি আমি।’ আজ সোমবার আরেকটি টুইটার বার্তায় অমিতাভ লেখেন, ‘এখনো জ্বরে কাহিল। শুটিং বাতিল হয়ে যাওয়ায় একদমই ভালো লাগছে না। যে করেই হোক আগামীকাল থেকে আবার শুটিং শুরু করতে চাই। এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছি।’
দ্রুত সুস্থতা কামনা করায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ বচ্চন । এ প্রসঙ্গে অমিতাভ তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘আমার দ্রুত সুস্থতার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি।’