অস্কার আর্কাইভে 'সানরাইজ' ও 'পারছেদ'

অস্কার আর্কাইভে যুক্ত হচ্ছে ভারতীয় দুটি ছবি ‘সানরাইজ’ ও ‘পারছেদ’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের গ্রন্থাগারে স্থান পাচ্ছে ছবি দুটির পাণ্ডুলিপি।
ভারতীয় অভিনেতা আদিল হুসাইন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আর্কাইভে যুক্ত হওয়ার বিষয়ে একটি চিঠির কপি প্রকাশ করেন। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের মার্গারেট হেরিক গ্রন্থাগার থেকে চিঠিটি পাঠানো হয়েছে।
মার্গারেট হেরিক গ্রন্থাগার চলচ্চিত্রশিল্প ও আর্ট হিসেবে মোশন পিকচারের উন্নয়ন ও ইতিহাস সংরক্ষণের জন্য তৈরি হয়েছে।
১৯২৮ সালে প্রতিষ্ঠিত গ্রন্থাগারটি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত। সবার জন্যই গ্রন্থাগারটি উন্মুক্ত। বছরের পর বছর গ্রন্থাগারটি ছাত্র, বিশেষজ্ঞ, ইতিহাসবিদ ও চলচ্চিত্র পেশাদারেরা ব্যবহার করছেন।
‘সানরাইজ’ সিনেমাটি পরিচালনা করেছেন পার্থ সেন গুপ্ত। ছবিটির গল্প এক ইন্সপেক্টর বাবার তাঁর অপহরণ হওয়া মেয়েকে খোঁজার কাহিনি নিয়ে তৈরি হয়েছে। মেয়েটি ছয় বছর বয়সে অপহরণ হয়ে যায়। আর অজয় দেবগন প্রযোজিত ছবি ‘পারছেদ’ পরিচালনা করেছেন লীনা যাদব। ছবিতে নারীর বিরুদ্ধে যৌতুক প্রথা, শারীরিক বর্বরতা, জোর করে বিয়ে দেওয়া, ধর্ষণ ও মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে। ‘পারছেদ’ ছবিতে অভিনয় করেন রাধিকা আপ্তে, সুরভিন চাওলা ও তানিষ্ঠা চ্যাটার্জি।
এনডিটিভি