অস্কার লাইব্রেরিতে 'হ্যাপি নিউ ইয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাপি নিউ ইয়ার ছবির পোস্টার
হ্যাপি নিউ ইয়ার ছবির পোস্টার

ফারাহ খান পরিচালিত শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন জুটির হ্যাপি নিউ ইয়ার ছবি মুক্তি পেয়েছে গত ২৪ অক্টোবর। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে ৩০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। এবার এর সাফল্যের পালকে যুক্ত হলো আরেকটি পালক। অস্কার লাইব্রেরিতে রাখার জন্য ছবিটির চিত্রনাট্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে লাইব্রেরি অব দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক টুইটার বার্তায় ফারাহ খান লিখেছেন, ‘আনন্দ করার আরেকটি উপলক্ষ যুক্ত হলো। হ্যাপি নিউ ইয়ার–এর চিত্রনাট্য অস্কার লাইব্রেরিতে যাচ্ছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে।
অ্যাকশন-কমেডিধর্মী হ্যাপি নিউ ইয়ার ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানি প্রমুখ। অস্কার লাইব্রেরিতে স্থায়ীভাবে ছবিটির চিত্রনাট্য ঠাঁই পাওয়ার খবরে দারুণ খুশি ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।
১৯১০ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ১১ হাজারেরও বেশি ছবির চিত্রনাট্য জমা পড়েছে অস্কার লাইব্রেরিতে। গবেষণার কাজে এসব চিত্রনাট্য ব্যবহার করার সুযোগ পান চিত্রনির্মাতা, অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।
মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ল হ্যাপি নিউ ইয়ার