অস্কারে শর্মিলা, ফ্রিদা ও দীপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মিলা ঠাকুর এবং ফ্রিদা পিন্টো
শর্মিলা ঠাকুর এবং ফ্রিদা পিন্টো

অস্কার আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ফ্রিদা পিন্টো ও নির্মাতা দীপা মেহতা। তবে অস্কার পুরস্কার নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। সম্প্রতি অস্কার আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ নতুন সদস্য নেওয়ার ঘোষণা দেয়। তাতেই ডাক পেয়েছেন এ তিন ভারতীয় নারী তারকা।

গত অস্কার আয়োজনে জোরেশোরে অভিযোগ উঠেছিল, অস্কার পুরস্কার কেবল সাদারাই পাচ্ছেন। দেখা গেল, অ্যাকাডেমির অধিকাংশ সদস্যই সাদা ও পুরুষ। এঁরাই ভোট দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কে পুরস্কার পাবেন ঠিক করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার অ্যাকাডেমি ৬৮৩ জন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিকে সদস্য হতে আহ্বান জানিয়েছে। এঁদের মধ্যে শতকরা ৪৬ ভাগ নারী এবং ৪১ ভাগ অন্য বর্ণের মানুষ আছেন। শর্মিলা ঠাকুর, ফ্রিদা পিন্টো এবং দীপা মেহতা ছাড়াও এ তালিকায় আছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়া।

অ্যাকাডেমি প্রেসিডেন্ট শ্যারেল বুন আইজ্যাকস বলেন, ‘অ্যাকাডেমিতে নতুন সদস্যদের স্বাগত জানাই। তাঁদের এ আগমনে আমরা গর্ববোধ করছি। আমরা জানি, এটা শুধু একটি আহ্বান নয় একটি সুযোগও বটে। এটা একটি মিশন, শুধু সদস্য গ্রহণ প্রক্রিয়া নয়।’


বলিউডের এক সময়কার বিউটি কুইন শর্মিলা ঠাকুর ক্যারিয়ার শুরু করেছিলেন সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘অপুর সংসার’ ছবি। এরপর ‘দেবী’, ‘ওয়াকত’, ‘নায়ক’, ‘আরাধনা’, ‘অমর প্রেম’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘দাগ’, ‘মওসম’, ‘নমকিন’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন তিনি। ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর বিচারক হিসেবেও তিনি কাজ করেছেন। ফ্রিদা পিন্টো ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ২০০৯ সালে ছবিটি আটটি ক্যাটাগরিতে অস্কার জেতে। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার দীপা মেহতা নির্মিত বিখ্যাত চলচ্চিত্র ট্রিলজি হলো ‘ফায়ার’, ‘আর্থ’ ও ‘ওয়াটার’।

হলিউড থেকে ডাক পেয়েছেন, ‘স্টার ওয়ারস’ তারকা জন বোয়েগা, অস্কারজয়ী ব্রি লারসন ও ‘হ্যারি পটার’ খ্যাত এমা ওয়াটসন। এনডিটিভি মুভিজ।