অস্কারে শশী কাপুর ও শ্রীদেবীকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারের মঞ্চে পর্দায় শ্রীদেবী ও শশী কাপুর
অস্কারের মঞ্চে পর্দায় শ্রীদেবী ও শশী কাপুর

• অস্কার অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে তাঁদের শ্রদ্ধা জানানো হয়।
• মুহূর্তটি ক্যামেরাবন্দী করে টুইটারে শেয়ার করেছেন বলিউড তারকারা।


আজ সোমবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল বলিউডের প্রয়াত অভিনেতা শশী কাপুর ও সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। অস্কার অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অস্কার অনুষ্ঠানে শশী কাপুর ও শ্রীদেবীর স্থিরচিত্র দেখানোর মুহূর্তটি ক্যামেরাবন্দী করে টুইটারে শেয়ার করেছেন বলিউডের কয়েকজন তারকা। বলিউড তারকা অর্জুন রামপাল লিখেছেন, ‘অস্কার সম্মান জানিয়েছে তাঁদের। আমরা দুটি নক্ষত্রকে হারিয়েছি।’ বিদ্যা বালান লিখেছেন, ‘আমাদের ভালোবাসার শ্রীদেবীকে সম্মান জানিয়েছে অস্কার।’ সোফিয়া চৌধুরী লিখেছেন, ‘শশী কাপুর ও শ্রীদেবীকে সম্মান জানানোর জন্য অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলের রুমে মারা যান শ্রীদেবী। এরপর অনেক আইনি জটিলতা কাটিয়ে দেশে নিয়ে আসা হয় শ্রীদেবীর মরদেহ। ২৮ ফেব্রুয়ারি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। আর ২০১৭ সালের ৪ ডিসেম্বর মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা শশী কাপুর।