অস্ত্রোপচার হবে কারিনার?

কথা ছিল সব ঠিকঠাক থাকলে ২০ ডিসেম্বরের মধ্যে পতৌদির নবাববাড়িতে আসবে নতুন অতিথি। প্রথম সন্তানের মা হবেন নবাববাড়ির বউ কারিনা কাপুর খান। কিন্তু আজ ২০ তারিখ। এখনো খান বাড়ি থেকে কোনো সুখবর আসেনি। তাই এখন ভারতের গণমাধ্যমকর্মীরা ‘ছোট নবাব’ সাইফ আলী খান, কারিনার বন্ধু ও ঘনিষ্ঠজনদের শরণাপন্ন হচ্ছেন আসল খবর জানতে। কারিনা ও সাইফের এক ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় সাময়িকী ফেমিনাকে জানিয়েছেন, খুব সম্ভবত দিন কয়েকের মধ্যেই অস্ত্রোপচার হবে কারিনার। অস্ত্রোপচারের মধ্য দিয়েই আলোর মুখ দেখবে খানবাড়ির নতুন সদস্য।
বতর্মানে কারিনা কাপুর খান স্বামী সাইফের সঙ্গে ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতেই আছেন। শিগগিরই তিনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে হাসপাতালে ভর্তি হবেন বলে সেই ঘনিষ্ঠ বন্ধু ফেমিনাকে জানান। ১৭ ডিসেম্বর রাতেই অন্তঃসত্ত্বা কারিনাকে দেখা গেছে বন্ধু অমৃতা আরোরার বাড়িতে বড়দিনের পার্টি করতে। ঢিলেঢালা পোশাকে কারিনা সেই পার্টিতে গিয়েছিলেন তাঁর বোন ও অমৃতার বোন মালাইকা আরোরার সঙ্গে। পার্টির ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে গেছে।

এদিকে সাইফ আলী খানও প্রস্তুত স্ত্রী কারিনার পাশে সার্বক্ষণিক থাকার জন্য। এরই মধ্যে হাতে থাকা ছবিগুলোর কাজ গুছিয়ে এনেছেন তিনি। শুটিংয়ে বিরতি দিয়ে স্ত্রীর সঙ্গেই সময় কাটাচ্ছেন এ অভিনেতা। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনাগত সন্তান প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আমরা খুবই স্বস্তিদায়ক একটি সময় কাটাচ্ছি। এই অপেক্ষার মুহূর্ত খুবই আনন্দদায়ক। আমি নিশ্চিত, আমাদের সন্তান হবে অর্ধেক আমার মতো আর অর্ধেক কারিনার মতো। কমবেশি না!’
সে তো সময়ই বলে দেবে, নতুন ‘খান’ আসলে মায়ের মতো হবে, নাকি বাবার মতো। আগে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসুক, এরপর নাহয় তাঁকে নিয়ে আরও কথা হবে। ফেমিনা, হিন্দুস্তান টাইমস।