অ্যাটলির শুটিংয়ে ফিরছেন শাহরুখ-নয়নতারা
‘পাঠান’ ছবির শুটিং শেষ। স্পেন থেকে মাত্রই ফিরেছেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এবার নতুন ছবির কাজে ঝাঁপিয়ে পড়বেন এই তারকা। আগামী সপ্তাহ থেকে অ্যাটলির ছবির শুটিংয়ে নেমে পড়বেন কিং খান। শুধু তা–ই নয়, এবারের শিডিউলে শাহরুখের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ ভারতীয় নায়িকা নয়নতারাও। মুম্বাইয়ে ১০ দিনের শুটিং শিডিউল রাখা হয়েছে।
এদিকে এই ছবির শুটিংয়ের ফাঁকেই রাজকুমার হিরানির ছবিরও শুটিং করে ফেলবেন কিং খান। ১৬ এপ্রিল থেকে সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকেও। শোনা যাচ্ছে, নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন তাপসী পান্নু। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানা যায়নি।
‘পাঠান’ ছবির শুটিংয়ের আগেই শাহরুখ দক্ষিণ মুম্বাইয়ে অ্যাটলির ছবির শুটিং শুরু করেছিলেন গত বছরের সেপ্টেম্বর থেকেই। ছবিতে শাহরুখের বিপরীতে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে দেখা যাবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল গ্রোভার ও সানিয়া মালহোত্রাকে। কিং খান বরাবরই পরিষ্কার জানিয়েছিলেন, তিনি রিমেক কোনো ছবিতে কাজ করতে চান না। তাই তাঁর জন্য একটি নতুন স্ক্রিপ্ট লেখা হয়েছিল।
অ্যাটলি কুমারের এই ছবি কোনো ছবির রিমেক নয়। একটি মৌলিক গল্পের ওপর তৈরি করেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। শাহরুখের মান্নাতে গিয়ে কিং খানকে ছবির চিত্রনাট্য শুনিয়েছিলেন অ্যাটলি। গত বছর নিজের এই ছবির ঘোষণাও করেন পরিচালক। ছবির বাজেট নাকি ২০০ কোটির কাছাকাছি। শোনা যাচ্ছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। বাবা ও ছেলের চরিত্রে দেখা যেতে পারে বলিউড সুপারস্টারকে।
ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডে সব কাজ স্থগিত করে রেখেছিলেন শাহরুখ খান। অবশেষে ছেলে জেল থেকে ছাড়া পেলেই শান্ত হয়েছেন কিং খান। ধীরে ধীরে নিজের কাজের দিকে মনোযোগ দিয়েছেন। ‘পাঠান’–এর শুটিং করে এলেন স্পেনে। এখন করবেন অ্যাটলির ও রাজু হিরানির সিনেমার কাজ।