আইএসএল-এ তারকামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএসএল-এ তারকামেলা
আইএসএল-এ তারকামেলা

এটি আইএসএল এর দ্বিতীয় আসর। এবারের আইএসএল-এর পুরো আয়োজনই ছিল তারকাখচিত। গতকাল আড়ম্বরপূর্ণ এই আয়োজনে বলিউডের সব তারকা শিল্পীরা মঞ্চ কাঁপিয়েছেন। আইএসএল-এর আট ফ্র্যাঞ্চাইজির পর্দা উন্মোচনের পর তামিলনাড়ুর ঐতিহ্যবাহী একটি দলের নৃত্য পরিবেশনের পরই মঞ্চে তাঁর ঝলক দেখান আলিয়া। এরপর মঞ্চ আলোকিত করতে উপস্থিত হন সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘ডোলা রে’, ‘ধুম’-এর মতো তাঁর জনপ্রিয় গানগুলোর সাথে নৃত্য পরিবেশন করে দর্শক মাতান তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে অস্কারজয়ী সুরকার এ আর রহমান তাঁর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ান গোটা স্টেডিয়ামে। এ আর রহমানের পরিবেশনার পরই ‘আইএসএল ২০১৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধনীর ঘোষণা দেন প্রতিষ্ঠাতা নিতা আম্বানি।

ফুটবল হাতে রজনীকান্ত
ফুটবল হাতে রজনীকান্ত

দক্ষিণের সুপারস্টার রজনিকান্ত ফুটবল হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন একটি লাল গাড়িতে চড়ে। এছাড়াও মঞ্চে আমন্ত্রণ জানানো হয় কিংবদন্তি ক্রিকেট তারকা এবং কেরালা ব্লাস্টারের সহ স্বত্বাধিকারী শচীন টেন্ডুলকারকে। তারকা ঠাসা এই অনুষ্ঠানের মতোই আইএসএল এর স্বত্বাধিকারীদের তালিকাতেও তারকাদেরই জয়জয়কার। চেন্নাই এফ সি দলের সহ-স্বত্বাধিকারী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, মুম্বাই সিটি এফসি দলের মালিক রনবির কাপুর, হৃতিক রোশনের দল এফসি পুনে সিটি, জন আব্রাহামের দল নর্থ ইস্ট এফসি এবং এফসি গোয়ার শুভেচ্ছাদূত হয়েছেন বরুন ধাওয়ান। এ ছাড়া গতকালের গোটা এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অর্জুন কাপুর। এদিকে শচীন টেন্ডুলকার ছাড়াও এই ফুটবল লীগের অন্যান্য দলগুলোর স্বত্ব কিনেছেন ভারতের আরও কয়েকজন তারকা ক্রিকেটার। সৌরভ গাঙ্গুলির দল অ্যাটলেটিকো ডি কলকাতা, বিরাট কোহলির দল এফসি গোয়া, মহেন্দ্র সিং ধনীর দল চেন্নাই এফসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অনিতা আম্বানি, মুকেশ আম্বানি প্রমুখ। বাবার দলকে সমর্থন জানানোর জন্য পরিবারের সঙ্গে পুঁচকে আরাধ্য বচ্চনও উপস্থিত হয়েছিল কালকের অনুষ্ঠানে। টাইমস অব ইন্ডিয়া, ফার্স্ট পোস্ট, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।