আইনি বিয়ে শেষ, এবার সামাজিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা দিবসে বিক্রান্ত ও শীতল গোপনে সেরে ফেললেন আইনি বিয়ে
ইনস্টাগ্রাম

২০১৫ সাল থেকে প্রেম করছেন বলিউডে অভিনেতা বিক্রান্ত আর শীতল ঠাকুর। ২০১৯ সালে বাগদান সেরে একটা লম্বা বিরতি। করোনাও কারণ হতে পারে। এবার গত ভালোবাসা দিবসে গোপনে সেরে ফেললেন আইনি বিয়ে। আজ হচ্ছে সামাজিক বিয়ে। মুম্বাইতে বসছে সেই বিয়ের আসর।
তারকাদের বিয়ে মানেই একটা জমকালো ব্যাপার। কিন্তু বিক্রান্ত-শীতলের বিয়েটা যেন গোপনেই হয়ে যাচ্ছে! তাঁদের কাছের একটি সূত্র বলছে, ‘দুই তারকাই পছন্দ করেন লো প্রোফাইল বিয়ে। তবে সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি কখনোই। এমনকি আজও বিয়ের পরে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেবেন।’

ইতিমধ্যে গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রিয়াঙ্কা চোপড়ার ‘দেশি গার্ল’-এ হবু বর ও কনের নাচ এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা প্রেমিকাকে দেখে লজ্জায় লাল। গায়েহলুদের জন্য হলুদ লেহেঙ্গা পরেছেন কনে শীতল ঠাকুর।

বিয়েতে একদমই কাছের মানুষদের নিমন্ত্রণ করেছেন বিক্রান্ত ও শীতল
ইনস্টাগ্রাম

বিয়েতে একদমই কাছের মানুষদের নিমন্ত্রণ করেছেন বিক্রান্ত ও শীতল। দুই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন বিয়েতে। কয়েক দিন আগে বিক্রান্ত আর শীতল তাঁদের নতুন বাড়িতে থাকা শুরু করেছেন। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেছেন, ‘এত দিন আমরা একটা সুটকেসে থাকতাম। এবার একটু বড় জায়গায় গিয়ে দম ফেলতে পারব। একটা ডাইনিং টেবিল রাখার জায়গা হয়েছে। যেখানে বসে মুখোমুখি কথা বলতে পারব। সমুদ্রমুখী ব্যালকনি আছে, যেখান থেকে আমার পছন্দের ভিউ দেখতে পাব।’

‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছেন বিক্রান্ত আর শীতল। সেখানেই বাস্তবের স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। ‘লাভ হোস্টেল’-এর কাজ শেষ হওয়ার অপেক্ষা ছিল এত দিন। এবার শেষ তাই বিয়ের পিঁড়িতে বসা। ট্রেলার ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে। এই সিনেমায় বিক্রান্তকে দেখা যাবে সানিয়া মলহোত্রা আর ববি দেওলের সঙ্গে। এটি মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি।