আইফেল টাওয়ারে ট্রেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেফিকর’ ছবির মাধ্যমে সাত বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন আদিত্য চোপড়া। এটা তো আর যেনতেন কোনো খবর নয়। কিন্তু এই ছবি ঘিরে সম্প্রতি এর চেয়েও বড় একটি খবর প্রকাশিত হয়েছে। আজ সোমবার এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস থেকে জানানো হয়েছে, ছবিটির প্রথম ট্রেলার উদ্বোধন করা হবে আইফেল টাওয়ারে।
যশ রাজ ফিল্মসের দাবি, হলিউড আর বলিউড সিনেমার ইতিহাসে এই প্রথম কোনো ছবির ট্রেলার উদ্বোধন করা হবে প্যারিসের এই বিখ্যাত স্থাপত্যের সামনে। এর আগে নাকি কখনোই এমন ঘটনা ঘটেনি। ১০ অক্টোবর আইফেল টাওয়ারের সামনে মহাসমারোহে ‘বেফিকর’ ছবির প্রথম ট্রেলার উদ্বোধন করা হবে।
সম্প্রতি ফ্রান্সের প্যারিস শহরে এই ছবির শুটিং শেষ হয়েছে। রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত এই রোমান্টিক ধাঁচের ছবিটি মুক্তি পাবে ডিসেম্বর মাসের ৯ তারিখে। হিন্দুস্থান টাইমস।