আইসিইউতে বলিউড অভিনেতা, পাশে দাঁড়ালেন সালমান
সালমান খানের বড় হৃদয়ের কথা অনেকেরই জানা। লকডাউনের দুঃসময়েও কাজ হারানো মিডিয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন টাকা। এলাকার দরিদ্র মানুষকে চাল, ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসও দিয়েছেন। দিলদরিয়া স্বভাবের মানুষ তিনি। মুক্তহস্তে দান করার ব্যাপারে বেশ নামডাক আছে তাঁর। কারও বিপদ দেখলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউডের এই তারকা। সম্প্রতি অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সালমান আবারও আলোচনায় আসলেন। এবার বলিউডের একসময়ের অভিনেতার বিপদে পাশে দাঁড়ালেন সালমান।
আহ্বানটা জানিয়েছিলেন অভিনেত্রী ও পরিচালক পূজা ভাট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘এক বছর ধরে কাশি ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন অভিনেতা ফারাজ খান। মহামারিকালে তাঁর সংক্রমণ আরও বেড়ে গেছে।
ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ভেবেছিলেন ফারাজ। ৮ অক্টোবর ভিডিও কলের পর তাঁকে দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হতে বলেন। তিনি ভর্তি হয়েছেন। দয়া করে তাঁকে সাহায্য করুন।’ নব্বইয়ের দশকের ‘মেহেন্দি’, ‘ফারেব’সহ একাধিক হিট ফিল্মের নায়ক ফারাজের চিকিত্সার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছিল তাঁর পরিবার। ভক্তদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী পূজা ভাট। সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন সালমান খান। ফারাজের হাসপাতালের বড় অঙ্কের বিল পুরোটাই তিনি মিটিয়ে দিয়েছেন। সালমানের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে এই খবর ভক্তদের জানিয়েছেন আরেক অভিনেত্রী কাশ্মীরা শাহ।
ইনস্টাগ্রামে সালমান খানকে ট্যাগ করে কাশ্মীরা লেখেন, ‘আপনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। ফারাজ খান ও তাঁর মেডিকেল বিলের বিষয়টিতে নজর দেওয়ার জন্য ধন্যবাদ। ফারাজ খানের সংকটজনক অবস্থায় সালমান খান তাঁর পাশে দাঁড়িয়েছেন। অন্য অনেকের মতো তিনি ফারাজ খানকেও সাহায্য করেছেন। আমি সব সময় তাঁর গুণমুগ্ধ হয়ে থাকব। এই পোস্ট যদি কেউ পছন্দ না করেন, তাহলে আমার কিছু আসে যায় না। আমাকে আনফলো করতে পারেন। আমি মনে করি, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত যাঁদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাঁদের মধ্যে সালমান খান সবচেয়ে খাঁটি মানুষ।’ কাশ্মীরার এই পোস্টের পর সালমানের প্রশংসার বন্যায় ভেসেছে অনলাইনের দুনিয়া।
ফারাজ খান ‘মহাভারত’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ইউসুফ খানের ছেলে। মস্তিষ্কে সংক্রমণের পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি। তাঁর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁর দুটি ফুসফুসও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিবারের পক্ষে জানানো হয়, হাসপাতালে যাওয়ার পথেই ফারাজের শরীরের মারাত্মক অবনতি হতে শুরু করে। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে তোলার পরও আবার খিঁচুনি শুরু হয় ফারাজের। বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে নিয়ে গেলে পরপর তিনবার খিঁচুনি হয় তাঁর। এরই সঙ্গে নিউমোনিয়া থাকায় শ্বাসকষ্ট শুরু হয়। রক্তচাপ ও হার্টবিট অস্বাভাবিক ওঠানামা শুরু করে। তাঁকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।
সালমান এর আগেও নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে রোজ শত শত মানুষ ভিড় করেন। দূরদূরান্ত থেকে অসহায় মানুষ তাঁর কাছে ছুটে আসেন একটু সাহায্যের আশায়। তবে কাউকে শূন্য হাতে ফেরান না তিনি। বরাবরই নিজের দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের মাধ্যমে বিভিন্ন দাতব্য কাজে অংশ নেন সালমান। এর আগে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়িয়েছেন এই তারকা। গত বছর পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।