বহিরাগতদের কটাক্ষ করলেন সোনাক্ষী
বলিউডে ‘আউটসাইডার’ আর ‘ইনসাইডার’ নিয়ে তর্কবিতর্কের যেন বিরাম নেই। তবে সব সময় বহিরাগতরাই সহানুভূতি পেয়ে এসেছেন। আর ইনসাইডার অর্থাৎ তারকা–সন্তানদের দিকে আঙুল তোলা হয়েছে। তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এবার এ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি রীতিমতো আউটসাইডার অর্থাৎ চলচ্চিত্রজগতের বাইরে থেকে যাঁরা এসেছেন, তাঁদের কটাক্ষ করলেন।
বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষীর মতে, এসব নিয়ে তর্ক করার কোনো অর্থ হয় না। ‘দাবাং গার্ল’ জানিয়েছেন যে অনেক সময় তারকা–সন্তানদের নানা অজুহাতে ছবি থেকে বাদ দেওয়া হয়। আর সোনাক্ষীও অনেক সময় অনেক ছবি থেকে বাদ পড়েছেন বলে স্বীকার করেছেন। কিন্তু তার জন্য কারও কাছে কান্নাকাটি করতে যাননি বলে এই তারকা–কন্যা জানিয়েছেন।
সোনাক্ষী বলেছেন যে এ ধরনের ঘটনা কমবেশি সবার সঙ্গেই ঘটে থাকে। তাই একে জীবনের অঙ্গ হিসেবে মেনে নেওয়াই মঙ্গলজনক, মনে করেন এই নায়িকা। সোনাক্ষী এ প্রসঙ্গে বলেছেন, ‘আমার কথা ভুলে যান। আমার বাবা তো স্টার–কিড ছিলেন না। তাঁরও অনেক ছবি হাতছাড়া হয়েছে। প্রতিটি অভিনয়শিল্পীর সঙ্গেই এটা হয়ে থাকে। এটা কাজেরই অংশ। এ ধরনের ঘটনা চলচ্চিত্র অঙ্গনে নতুন নয়। এটা অনেকটা চাকরির মতো।’
২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিলেন সোনাক্ষী। ছায়াছবির জগতে ১১ বছর পার করে ফেলেছেন তিনি। সোনাক্ষী অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিটি গত মাসে মুক্তি পায়।
শিগগিরই ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে চলেছে এই তারকা–কন্যার। রীমা কাগতি আর রুচিকা ওবেরয় পরিচালিত এক সিরিজে তাঁকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এ সিরিজে তাঁর সঙ্গে আছেন বিজয় বর্মা, গুলশন দেবৈয়া আর সোহম শাহ।