আজ কিশোরের স্টুডিও হবে গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর
কিশোর

দেশের মাঠে বাংলাদেশের খেলা থাকলে গ্যালারিতে দেখা যায় সংগীতশিল্পী কিশোরকে। কিন্তু আজ বৃহস্পতিবার এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। দেশের বাইরে খেলা হচ্ছে বলে গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন না কিশোর। এ জন্য নিশ্চয়ই ভীষণ আফসোস হচ্ছে তাঁর!

কিশোর বলেন, ‘এটা ঠিক, মাঠে বসে নিজের দেশের খেলা দেখার অনুভূতি অন্য রকম। এখন খেলা হচ্ছে ইংল্যান্ড। তাই আমরা এবার একটা দারুণ কাজ করেছি। আমাদের রেকর্ডিং স্টুডিওকেই ছোটখাটো একটা গ্যালারি বানিয়ে ফেলছি।’

মগবাজার ওয়্যারলেসে নিজের রেকর্ডিং স্টুডিওতে বড় টিভি পর্দায় কিশোর ও তাঁর ৮-১০ জন সঙ্গী একসঙ্গে বসে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো দেখেছেন। অনেকজন একসঙ্গে হইহুল্লোড় করে খেলা দেখলে অনেকটা মাঠে বসে খেলা দেখার আমেজ পাওয়া যায় বলে জানালেন এই গায়ক।

কিশোর বললেন, ‘স্টেডিয়ামে আমি, জয় শাহরিয়ার ভাই, শফিক তুহিন ভাই এবং আরও কয়েকজন মিলে সাধারণত খেলা দেখতে যাই। স্টুডিওতেও সেই মানুষগুলোর সঙ্গেই খেলা দেখছি। আজও আমরা সেখানে বসেই খেলা দেখব বলে ঠিক করে রেখেছি। খুব মজা হবে। আর বাংলাদেশ জিতে গেলে সেই আনন্দ হয়ে যাবে দ্বিগুণ।’

কিশোরের কী মনে হয়? আজকের ম্যাচে কে জিতবে? বাংলাদেশ, নাকি ভারত? কিশোর বলেন, ‘আসলে এভাবে তো বলা যায় না। ম্যাচের দিন যে দল ভালো খেলবে, সেই দল জিতবে। তবে আমি নিশ্চয়ই চাইব, আমার দেশ জিতুক।’

কিশোরের মন বলছে, এবার বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। দেখা যাক, তাঁর এই অনুমান ঠিক হয় কি না।