আজ থেকে মুক্ত সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

আজ বৃহস্পতিবার কারামুক্ত হচ্ছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। সেই সঙ্গে হাতে পাচ্ছেন কারাগারে উপার্জন করা ৪৪০ রুপি। বলিউডের প্রখ্যাত অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের পুত্র তিনি। ১৯৯৩ সালে মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় জড়িয়ে পড়ে তিনি কারাদণ্ড ভোগ করেছেন প্রায় পাঁচ বছর। মাঝে অবশ্য তিনি কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
আজ সকাল ১০টার দিকে ভারতের মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসবেন সঞ্জয় দত্ত। এ কথা জানিয়ে দিয়েছেন মুম্বাই পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারাগার) ভূষণ উপাধ্যায়। তিনি বলেছেন, কারাভোগের সময় ভালো ব্যবহার করায় প্রতি মাসে সঞ্জয়ের সাজা থেকে আট দিন করে মোট ২৫৬ দিন কমিয়ে দেওয়া হয়েছে।
সঞ্জয় দত্ত সশ্রম সাজাভোগের কারণে এত দিন জেলহাজতে কাগজের ব্যাগ তৈরি করতেন। কারাগার থেকে বেরোনোর সময় এই শ্রমের মূল্য হিসাবে ৪৪০ রুপি তুলে দেওয়া হবে সঞ্জয়ের হাতে। কারাগার থেকে মুক্তি পাওয়ায় ইয়েরওয়াড়া কারাগারের বন্দীরা তাঁকে বিদায় সংবর্ধনা জানাবেন।
২০০৭ সালে সঞ্জয় দত্তকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্টে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তাঁর কারাদণ্ডের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়। ভূষণ উপাধ্যায় বলেছেন, ‘সুপ্রিম কোর্ট তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এর মধ্যে তিনি ১৮ মাস কারাদণ্ড ভোগ করেন আগেই। সেই ১৮ মাস বাদ দিয়ে এবং সদাচরণের জন্য ২৫৬ দিন কারাদণ্ডের মেয়াদ কমানোর ফলে আগামীকালই মুক্তি হচ্ছে বলিউডের এই ‘মুন্নাভাই’য়ের।