আজ দীপিকার জন্মদিনে

আজ মঙ্গলবার তিরিশে পা রাখলেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোণ। সারাদিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। জন্মদিনের আগে এক খবরে জানা গিয়েছিল, তাঁকে নাকি এক দারুণ উপহার দেবেন সহশিল্পী ও ‘বন্ধু’ রণবীর সিং।
সেই ২০১৩ সাল থেকে গুজব শোনা যাচ্ছে, দীপিকা-রণবীর নাকি গোপনে প্রেম করছেন। আজ পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি কেউই। তবে নতুন বছরে সেসব নিয়ে কিছু না কিছু জানা যাবে বলেই সবাই ধারণা করছিলেন।
এর আগে এই দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, দুজনেরই পারিবারিক সম্মতিজনিত একটি ঝামেলা আছে। পারিবারিক সম্মতি ছাড়া নাকি তাঁরা এগোবেন না। ছেলের পছন্দে আপত্তি নেই রণবীরের বাবা-মায়ের। সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে দীপিকার বাবা-মায়ের। তাঁরা কবে নাগাদ সবুজ সংকেত দেবেন সেই অপেক্ষায় আছেন বলিউডের এই দুই তারকা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে দীপিকা বলেছিলেন, ‘রণবীর আমার খুব ভালো বন্ধু। আমাদের বোঝাপড়া এতটাই ভালো আর আমরা এতটাই ফ্রি যে, ওর সামনে কাপড় বদলাতেও আমার সংকোচ হয় না।’
সুযোগ পেয়ে রণবীরও দীপিকাকে ওপরে তোলার সুযোগটি ছাড়েননি। রণবীর বলেছিলেন, ‘বেশির ভাগ ছবিতেই আমরা দুজনে মরে যাই। কিন্তু বাস্তবজীবনে আমরা মরতে চাই না। বরং দুজনে একসঙ্গে সুখে-শান্তিতে বেঁচে থাকতে চাই।’
অবশ্য রণবীরের এই বক্তব্যে কোনো মন্তব্য করেননি ‘মাস্তানি’ দীপিকা। আজ তাঁর শুধুই শুভেচ্ছাসিক্ত হওয়ার দিন। কিন্তু কে জানে! হয়তো কাল নয়তো পরশু শিগগিরই কিছু একটা নিশ্চিত জানা যাবে। ইন্ডিয়া টুডে।