আজ বাড়ি ফিরবেন দিলীপ কুমার

‘ট্র্যাজেডি কিং’খ্যাত ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে ১৬ এপ্রিল জ্বর (নিউমোনিয়া) ও ফুসফুসের সংক্রমণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকার চিকিৎসকেরা ২০ এপ্রিল তাঁর হাসপাতাল ছাড়ার সম্ভাবনার কথা জানালেও শেষ পর্যন্ত আজ ২১ এপ্রিল বাড়ি ফিরছেন এই কিংবদন্তি তারকা।
দ্রুত সুস্থ হয়ে ওঠায় গতকাল বুধবার বেশ ভালো বোধ করছিলেন এই অভিনেতা। হাসপাতালে সার্বক্ষণিকভাবে দিলীপ কুমারের পাশে থাকা তাঁর স্ত্রী সায়রা বানুর তোলা একটি ছবি টুইটারে পোস্টও করেছেন গতকাল।
ছবিটি পোস্ট করে এক টুইট বার্তায় দিলীপ কুমার লিখেছেন, ‘সায়রা কিছুক্ষণ আগে এ ছবিটা তুলেছে। ও (সায়রা বানু) বলল, আমার মা (ছবিতে) সব সময় আমার খেয়াল রাখছেন।’
হাসপাতালে দিলীপ কুমারকে দেখতে এসেছিলেন তারকা অভিনেতা আমির খান। আমির খানের সেই ছবিও দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ছবিতে সায়রা বানুর পাশে দাঁড়িয়ে হাসপাতালের বিছানায় শায়িত দিলীপ কুমারকে দেখা যাচ্ছে।
আমিরের এই ছবির সঙ্গে দিলীপ কুমার লিখেছেন, ‘আমার জন্য যাঁরা দোয়া করছেন, সবার প্রতি যেন আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। আমির খানকে এখানে এসে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
৯৩ বছর বয়সী ভারতের এই কিংবদন্তি অভিনেতার নাম মোহাম্মদ ইউসুফ খান হলেও তিনি চলচ্চিত্রে এসে নাম নেন দিলীপ কুমার। পরবর্তী সময়ে এই নামেই তিনি প্রতিষ্ঠিত হন। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ছয় যুগের ক্যারিয়ারে দিলীপ কুমার ‘মধুমতী’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’সহ অসংখ্য ছবিকে অসামান্য অভিনয়ের কল্যাণে জনপ্রিয় করেছেন। ‘বাবুল’, ‘আন্দাজ’, ‘দিদার’, ‘মেলা’ ছবিতে তাঁর চরিত্র ও অভিনয়ের কারণে তিনি ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দিলীপ কুমারকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল।
দিলীপ কুমার ২০১৫ সালে ভারতের বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ পান। তিনি ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন ১৯৯১ সালে। ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য তিনি ‘দাদা সাহেব ফালকে’ সম্মাননাও পেয়েছেন।
চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্তির কারণে দিলীপ কুমার সর্বোচ্চ পুরস্কার পাওয়া ভারতীয় অভিনেতা হিসেবে গিনেস বুকেও জায়গা করে নিয়েছেন। ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’, ‘দাদা সাহেব ফালকে’, ‘এনটিআর’, ‘ফিল্ম ফেয়ার’সহ অসংখ্য পুরস্কার পাওয়ার কারণে এই ভারতীয় অভিনেতার নাম গিনেস বুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।