আজ বিরিয়ানি খাবেন দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের কেক কাটার আগে স্ত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমার। ছবি: সংগৃহীত
জন্মদিনের কেক কাটার আগে স্ত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমার। ছবি: সংগৃহীত

আজ ভারতের চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা দিলীপ কুমারের জন্মদিন। ৯৫ বছরে পা রেখেছেন তিনি। জন্মদিনটি এবার তেমন সাড়ম্বরে পালন করা হচ্ছে না। কারণ, দিলীপ কুমার কিছুদিন ধরে অসুস্থ। সম্প্রতি তিনি নিউমোনিয়া থেকে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শারীরিক দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই অনাড়ম্বরভাবে একান্ত ঘরোয়া পরিবেশে পালন করা হচ্ছে তাঁর জন্মদিন।

জানা গেছে, দিলীপ কুমারের খুব পছন্দের খাবার বিরিয়ানি আর ভ্যানিলা আইসক্রিম। গতকাল রোববার স্ত্রী সায়রা বানু সাংবাদিকদের বলেছেন, আজ তিনি নিজের হাতে রান্না করবেন দিলীপ কুমারের প্রিয় বিরিয়ানি। জন্মদিনে তুলে দেবেন স্বামীর মুখে। সঙ্গে থাকবে তাঁর পছন্দের ভ্যানিলা আইসক্রিমও। চিকিৎসকদের অনুমতি নিয়েই সায়রা বানু স্বামীকে বিরিয়ানি এবং একটু ভ্যানিলা আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। জন্মদিন উপলক্ষে বাড়িতে কেক কাটা হবে।

সায়রা বানু জানিয়েছেন, জন্মদিনে দিলীপ কুমারের জন্য নতুন পোশাক কিনেছেন তিনি। তবে দাম বেশি নয়। কারণ, দিলীপ কুমার বরাবরই সাধারণ মানের জামাকাপড় পরেন। তা অবশ্যই সুতি। পোশাকের সঙ্গে মিলিয়ে কেনা হয়েছে নতুন জুতা। তিনি প্রতিবছরই জন্মদিনে দিলীপ কুমারের জন্য এসব কেনেন। দিলীপ কুমার খুব বাস্তববাদী মানুষ। দামি উপহার একদম পছন্দ করেন না।