আজ বিয়ের দিনক্ষণ জানাবেন সালমান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুলিয়া ভেঞ্চুর
লুলিয়া ভেঞ্চুর

বছর শেষে সালমান–ভক্তরা আনন্দের আরও একটি উপলক্ষ পাচ্ছেন তা হলে? দিন কয়েক আগে উচ্চ আদালতের রায়ে মামলা থেকে তাঁর নিস্তার পাওয়া যেমন আনন্দ দিয়েছিল সালমান–ভক্তদের; এবারে সম্ভবত আনন্দের উপলক্ষ আরও বড় হবে। আজ বয়সের অর্ধশত পূর্ণ করছেন এই অভিনেতা। মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সালমান তাঁর ৫০তম জন্মবার্ষিকীতে বিয়ের দিনক্ষণই জানিয়ে দিতে পারেন।

.
.

এর আগে অবশ্য বিষয়টি নিয়ে কিছুটা আভাসও দিয়েছিলেন সালমান। জানিয়েছিলেন, শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে তাঁর জীবনে। এই দাবাং তারকার সঙ্গে রোমানীয় টিভি তারকা লুলিয়া ভেঞ্চুরের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই চলছে গুঞ্জন। কিছুদিন আগে লুলিয়া ও সালমান আংটি বদল করেছেন—এমন খবরও প্রকাশ হয়। আর এবার খবর রটেছে, আগামী বছরই নাকি বিয়ে করছেন সালমান-লুলিয়া।
২০১১ সালে ডাবলিনে এক থা টাইগার ছবির শুটিংয়ে সালমানের সঙ্গে পরিচয় হয় লুলিয়া ভেঞ্চুরের। এরপর এই কিক তারকার ঘনিষ্ঠ এক আত্মীয়র ছবিতেও অভিনয় করেন লুলিয়া। বোন অর্পিতার বিয়েতেও লুলিয়াকে দাওয়াত দিয়েছিলেন সালমান। খান পরিবারের সঙ্গে লুলিয়ার বেশ সুসম্পর্ক।
সবকিছু মিলিয়ে আগামী বছর সালমানের সঙ্গে লুলিয়ার বিয়ের যে খবরটি ছড়িয়েছে, তা শেষ পর্যন্ত নিছক গুজব না থেকে আজই সত্যি হতে পারে। অবশ্য সময় বড় বলবান। এ ক্ষেত্রেও হয়তো সময়ই শেষ কথাটি বলে দেবে। এনডিটিভি, জি নিউজ।