আজ ভারতের 'সুপারম্যান'-এর জন্মদিন

ভারতের দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা তিনি, সেখানে প্রণম্য এক দেবতাতুল্য ব্যক্তিত্ব মনে করা হয় তাঁকে। শুধু তাই নয়; পুরো ভারতে, এমনকি এশিয়াতেও চলচ্চিত্রের এক সুপারস্টারের নাম- রজনীকান্ত। বয়সে প্রবীণ হলেও ‘অ্যাকশন হিরো’-র ভূমিকায় এখনো অক্লান্তভাবে অভিনয় করে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের এই সুপারস্টার। আজ তারকা অভিনেতা রজনীকান্তের জন্মদিন। তাঁকে নিয়ে লিখেছেন মাসুম আলী।
দৃশ্যগুলো ভারতীয় চলচ্চিত্রের দর্শক মাত্রেরই অনেক পরিচিত। যেমন, অনেক কায়দাকানুন করে সিগারেটটা হাওয়ায় ছুড়ে শুন্যেই তা জ্বালালেন এক অভিনেতা। আর সেই জ্বলন্ত সিগারেটটা হাওয়ায় ভেসে ঠিক তাঁর ঠোঁটে এসেই আটকে গেল! কিংবা কোনো ছবিতে বিপক্ষের কেউ বন্দুক থেকে গুলি ছুড়েছে। তিনি ছুটে গিয়ে গুলিটা নিজের দাঁত দিয়ে আটকিয়ে ফুঁ দিয়ে সেই গুলি আবারও ছুড়ে দিলেন যে গুলি ছুড়েছিল; তাঁর দিকেই। আর সেই ফিরতি গুলিতেই শেষ বন্দুকধারী!
এসব শুধু কোনো ‘অতিমানব’-ই করতে পারেন। দক্ষিণী ছবির ‘মহাতারকা’ রজনীকান্ত অবশ্য ছবির কল্যাণে অতিমানবের থেকে কম কিছু নন। অনেকেই বলে থাকেন, এমন কিছু কল্পনায় আছে নাকি যা তিনি পর্দায় বাস্তব করতে পারেন না!
আজ শনিবার ১২ ডিসেম্বর ৬৫ বছরে পা দিলেন এই অসামান্য চলচ্চিত্র ব্যক্তিত্ব। আজ সকাল থেকেই টুইটারে উপচে পড়ছে অভিনেতা রজনীকান্তের জন্য তাঁর অগণন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা।

রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গায়কোয়াড়। ভারতের দক্ষিণে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও এই অভিনেতার জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, এক মারাঠি পরিবারে। তাঁর মায়ের নাম জিজাবাই ও বাবার নাম রামজি রাও। চলচ্চিত্রে আসার আগে সামান্য একজন বাস কনডাক্টর হিসেবে কাজ করতেন রজনী। ১৯৭৮ সালে তামিল ছবির ‘বৈরভী’তে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ। আর এই অভিনেতা ১৯৮৩ সালের ‘আন্ধা কানুন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।
রজনীকান্তকে ভারতীয়রা (বিশেষ করে দক্ষিণীরা) যেভাবে সম্মান করে এবং তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনার মাত্রা যে কতটুকু, সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। রজনীকান্ত চলচ্চিত্র জগতে এতটাই জনপ্রিয় যে, তাঁকে বলা হয় ‘গড অব ইন্ডিয়ান সিনেমা’! স্বয়ং অমিতাভ বচ্চন একবার বলেছিলেন, তিনি রজনীকান্তকে তাঁর অনুপ্রেরণা হিসেবে দেখেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত এই অভিনেতা ছয়বার তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড এবং একবার ফিল্মফেয়ার (তামিল) অ্যাওয়ার্ড পেয়েছেন। এ অভিনেতার ‘এন্ধিরান’ বা ‘রোবট’ ছবিটি মুক্তি পাওয়ার সময় চেন্নাইয়ের রজনীকান্ত ভক্তরা তাঁর প্রায় ৪০ ফুট উঁচু একটি মূর্তি বানিয়ে দুধ দিয়ে গোসল করিয়েছিল!
রজনীকান্ত সম্পর্কে আরও কয়েকটি অজানা তথ্য
১. রজনীকান্ত তামিল, হিন্দি, তেলেগু, এমনকি ইংরেজিসহ অন্য ভাষার ছবিতে অভিনয় করলেও মারাঠি ভাষার ছবিতে অভিনয় করেননি। যদিও তার জন্ম মারাঠি পরিবারে ও মারাঠি তার মাতৃভাষা।
২. কর্মজীবনের শুরুতে এই তারকা অভিনেতা নানা ধরনের ছোটখাটো কাজ করতেন। চলচ্চিত্রে আসার আগে সর্বশেষ তিনি একজন বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন।
৩. রজনীকান্তের প্রিয় অভিনেতা কামাল হাসান। তাঁর সঙ্গে অনেক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেছে এই অভিনেতাকে।
৪. ‘শিবাজী’ ছবির ব্যবসা সফলতা রজনীকান্তের পারিশ্রমিক ২৬ কোটি রুপিতে পৌঁছে দেয়। এতে করে জ্যাকি চ্যানের পরে রজনীকান্তই এশিয়ার সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বনে যান।
৫. রজনীকান্ত কখনোই তাঁর নিজের ছবির সাধারণ প্রদর্শনীতে উপস্থিত হন না। অবশ্য, নিজের প্রতিটি ছবিকেই খুব গুরুত্ব দেন রজনীকান্ত। প্রতিটি ছবির কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্রাম নেওয়ার জন্য চেন্নাই চলে যান এবং হিমালয় থেকেও একটু ঘুরে আসেন।

৬. সবচেয়ে মজার তথ্য হলো, রজনীকান্তকে রুপালি পর্দায় অনেক দিন হলো মরতে দেখা যায় না। ছবির নির্মাতাদের ধারণা, রজনীকান্তের মৃত্যু দেখালে রজনী-ভক্তরা শোকের উন্মাদনায় রাস্তায় নেমে প্রতিবাদ করবেন!
ভক্তদের কাছে রজনীর জন্মদিন উদ্যাপন রীতিমতো প্রথায় পরিণত হয়েছে। তা সে প্রমাণ সাইজের কাটআউটে কলসি কলসি দুধ ঢেলেই হোক কিংবা তাঁর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা। শুধু কি তা-ই, মণ্ডপ সাজিয়ে তাঁর ছবির গান বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন ভক্তেরা। তবে, এ বছর এসব করতে নিষেধই করেছেন তিনি। চেন্নাই বন্যা বিপর্যয়ের পর তাঁর আর মন নেই মাত্রাছাড়া উৎসব করে জন্মদিন পালনে।
ভারতে প্রচলিত জোকস বা কৌতুকগুলোর মধ্যে ‘রজনীকান্ত জোকস’ সবচেয়ে বিখ্যাত। এমনকি, ২০১১ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের আগেই ইন্ডিয়ান মিডিয়ায় মজা করে বলা হচ্ছিল-ইন্ডিয়া নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চলেছে, কারণ ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখবেন রজনীকান্ত! কাকতালীয়ভাবে, ঘটেছেও তাই!
রজনীকান্তকে নিয়ে প্রচলিত কয়েকটি কৌতুক
১. রজনীকান্ত কোনো আয়নার সামনে দাঁড়ালে আয়না ভেঙে যায়, কারণ কোনো কিছুরই সেই ক্ষমতা নেই যে রজনীকান্তের সামনে দাঁড়াতে পারে।
২. ভবিষ্যদ্বাণীকারী অক্টোপাস পলের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে, তাকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে, ‘রজনীকান্ত কখন মারা যাবেন’।
৩. রজনীকান্ত একবার তাঁর মানিব্যাগ হারিয়েছিলেন, এর পর পরই পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল।
৪. একবার একজন ফুটবল তারকা রজনীকান্তকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, তিনি আঙুলের ওপর দুই ঘণ্টা ফুটবল ঘোরাতে পারেন, যা রজনীকান্ত পারবেন না; রেগে গিয়ে রজনীকান্ত পৃথিবীর ঘোরা বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন!
৫. রজনীকান্তের বাসায় কোনো পানির লাইন নেই, তিনি হাততালি দিলে, অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে; আর সেই পানিতেই তাঁর বাড়ির যাবতীয় প্রয়োজন মেটে।
৬। রজনীকান্ত পাঁচটা ভাষায় শিস বাজাতে পারেন।
৭। একবার একটি বিষধর সাপ রজনীকান্তের পায়ে কামড় দিয়েছিল, ৫ দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করার পরে সেই সাপ মারা যায়!
তথ্যসূত্র: এনডিটিভি, উইকিপিডিয়া এবং টাইমস ম্যাগাজিন, রজনীকান্ত ডটকম।