আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নেহা আর তাঁর স্বামী অঙ্গদ বেদি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবর জানান। এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা নেহা। তাই বলে বাসায় বসে নেই নেহা। শুটিং সেটে ব্যস্ত সময় পার করছেন এই বলিউড অভিনেত্রী।
কারিনা কাপুর খানও এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় ‘লাল সিং চাড্ডা’র শুটিং করেছিলেন। নেহা ধুপিয়া প্রথমবার মা হওয়ার আগের দিন পর্যন্ত জমিয়ে কাজ করেছিলেন। এবারও তিনি একই পথে হাঁটলেন। করছেন নতুন ছবি ‘আ থার্সডে’র শুটিং।

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া

জানা গেছে, এই ছবিতে তাঁকে গর্ভবতী সহকারী পুলিশ কমিশনার ক্যাথরিন অ্যালভারেজ চরিত্রে দেখা যাবে। এই ছবির প্রথম লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নেহা। তাঁর ‘রাফ অ্যান্ড টাফ’ লুক সবাই দারুণ পছন্দ করছেন। আর ছবিতে তাঁর গর্ভাবস্থা স্পষ্ট। ‘আ থার্সডে’ সিনেমার গল্প লিখেছেন বেহজাদ খাম্বাটা। তিনিই ছবিটি পরিচালনা করছেন। ‘আ থার্সডে’র গল্প এক প্রাইভেট স্কুলের শিক্ষককে ঘিরে, যিনি ১৬ জন শিশুকে বন্দী করবেন।

ছবিতে তাঁকে গর্ভবতী সহকারী পুলিশ কমিশনার ক্যাথরিন অ্যালভারেজ চরিত্রে দেখা যাবে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আ থার্সডে’র প্রথম লুক শেয়ার করে সুন্দর একটা ক্যাপশনও লিখেছেন নেহা, ‘বাস্তব ও পর্দার জীবনে যে দূরত্ব, একটি সেতু তৈরি করে, তা দূর করছি। আমার পাশে দাঁড়ানোর জন্য আর আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটা সেই মায়েদের উদ্দেশে, যাঁদের জন্য আমরা আরও শক্তিশালী হয়ে উঠি।’ নেহার এই পোস্টকে ঘিরে নেট জনতা তাঁকে অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। সোহা আলী খান আর নীতি মোহন তাঁর পোস্ট দেখে লিখেছেন, ‘সুপারওম্যান, তোমাকে কুর্নিশ জানাই।’

কিছুদিন আগে আগামী ছবি ‘সনক’-এর ডাবিং করেছেন নেহা

কিছুদিন আগে আগামী ছবি ‘সনক’-এর ডাবিং করেছেন নেহা। এক বলিউড তারকা নিজে এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছিলেন। নেহা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এই সময়ে একটা অ্যাকশন ছবির জন্য ডাবিং করা এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি যখন শুটিং করছিলাম, তখন জানতাম না যে এই অবস্থায় “ডাব” করতে আসব। কখনো আমার শ্বাসকষ্ট হচ্ছিল। পিঠে ব্যথা করছিল। ঢেঁকুর উঠছিল। মাঝেমধ্যে তাই আমায় বসতে হচ্ছিল। আর আমি ডাবিং করতে ভালোবাসি।’

প্রথম সন্তানকে নিয়ে নেহা

বিপুল শাহ প্রযোজিত অ্যাকশনধর্মী ছবি ‘সনক’-এর অন্যান্য মূল চরিত্রে আছেন বিদ্যুৎ জামাল, রুক্মিণী মৈত্র আর চন্দন রায়।

এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা নেহা

‘আ থার্সডে’ ছবির মূল চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি। এই থ্রিলারধর্মী ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ইয়ামিও। তিনি এই ছবির প্রসঙ্গে বলেছেন, ‘“আ থার্সডে” ছবির এমনই এক চিত্রনাট্য, আপনি যা কখনোই বাতিল করতে পারবেন না। আমার অভিনীত চরিত্র নয়না একদিকে মিষ্টি, আবার অন্য দিকে উগ্র।’

এই ছবির প্রথম লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নেহা