আটাশ বছর পর 'গ্র্যাজুয়েট' হলেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

বলিউডের ‘কিং খান’ শাহরুখ দীর্ঘ আটাশ বছর পর আজ তাঁর ‘গ্র্যাজুয়েশন’ সার্টিফিকেটটি হাতে পেলেন। আটাশ বছর আগে দিল্লির হংসরাজ কলেজে তাঁর পড়াশোনা শেষ করেছিলেন।
এ উপলক্ষে শাহরুখ খান তাঁর এই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে গিয়েছিলেন। সেখানে পৌঁছে এই অভিনেতা বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। এ কলেজেই তাঁর জীবনের একটা বিশেষ সময় কাটিয়েছেন বলিউডের এই ‘দিলওয়ালে’ তারকা।

শাহরুখ জানিয়েছেন, ক্যাম্পাসে আসার বিষয়টা তাঁর মনে এক ‘বিশেষ’ অনুভূতির সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘এ মুহূর্তটি আমার কাছে খুবই “বিশেষ” এক মুহূর্ত। আমি আমার কলেজে এসেছি। ১৯৮৮ সালে যে কলেজ ছেড়ে আমি চলে গিয়েছিলাম।’
শাহরুখ বলেন, ‘একটা বিষয়ের অভাব বোধ করছি। তা হলো, এখানে আসার সময় আমি আমার সন্তানদের সঙ্গে আনিনি। আমি ওদের এই কলেজের প্রতিটি কোণ দেখাতে চেয়েছিলাম।’

শাহরুখের হাতে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়ার সময় হংসরাজ কলেজের প্রিন্সিপাল রামা শর্মা বলেন, ‘এই প্রতিষ্ঠান তার এই “সুপারস্টার” ছাত্রের জন্য গর্ব বোধ করে।’ তিনি বলেন, ‘এত দিন পর আমরা তাঁর হাতে এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। তাঁর এই সার্টিফিকেটটি এত দিন নিরাপদে তুলে রাখা হয়েছিল।’

শাহরুখের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর রামা শর্মা বলেন, ‘আজ এত দিন পর তাঁর হাতে এটি তুলে দিতে পেরে আমি যারপরনাই আনন্দিত বোধ করছি।’
শাহরুখ সার্টিফিকেটের প্রাপ্তি স্বীকার করে কলেজের রেজিস্টারে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান দিল্লিতে জন্মগ্রহণ করেন। দিল্লির রাজেন্দ্র নগর ও গৌতম নগরে দীর্ঘ সময় বসবাস করেছেন তিনি। বলিউডের এই ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা দিল্লির সেন্ট কলম্বা’স স্কুল ও পরে হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন করেন। পিটিআই।