আত্মঘাতী অভিনেত্রী চিত্রার স্বামী গ্রেপ্তার
আত্মহননে মৃত্যুর ষষ্ঠ দিনে অভিনেত্রী চিত্রার ব্যবসায়ী স্বামী হেমন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের নসরপেট এলাকার এক হোটেলকক্ষে চিত্রার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পুলিশের সন্দেহ, ২৮ বছর বয়সী ওই অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন তাঁর স্বামী।
ভিজে চিত্রা ‘পানদিয়ান স্টোরিজ’, ‘সারাভানান মিনাচ্চি’, ‘ডার্লিং ডার্লিং’সহ বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেছিলেন। দুই মাস আগে গোপনে হেমন্তকে বিয়ে করেন তিনি। জানুয়ারিতে অবশ্য আনুষ্ঠানিকভাবে বিয়ে করার কথা ছিল। কিন্তু এর আগেই আত্মহত্যা করলেন চিত্রা। পুলিশের ধারণা, আর্থিক অনটনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্তে জানা গেছে, তাঁর হাতে একাধিক কাজ ছিল। তাঁর মায়ের অভিযোগ, শারীরিক নির্যাতনের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।
চিত্রার অপমৃত্যু মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসিপি সুদর্শন জানান, টেলিভিশন সিরিয়ালে নায়কদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে চিত্রার অভিনয় পছন্দ করতেন না হেমন্ত। এর জের ধরে প্রায়ই তাঁদের ভেতর কলহ সৃষ্টি হতো। ঘটনার দিন একই বিষয় নিয়ে গন্ডগোলের একপর্যায়ে চিত্রাকে ধাক্কা দিয়ে ফেলেও দেন হেমন্ত।
দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘কয়েক দিন ধরেই আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই পর্যায়ে এসে আমাদের মনে হচ্ছে, চিত্রার মৃত্যুর সঙ্গে তাঁর স্বামীর একটা যোগ রয়েছে। বেশ কিছু ঘটনা সে রকমই ইঙ্গিত দিচ্ছে। এ জন্য আমরা ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেছি। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
হাসিখুশি, প্রাণবন্ত চিত্রার আত্মহত্যা ঘিরে একরাশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে চিত্রা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। চিত্রার সেই ভিডিওতে কোনো একটি সেট দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, এই তামিল অভিনেত্রী একজনের সঙ্গে ফোনে কথা বলছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এমন কী ঘটল যে তাঁকে আত্মহত্যা করতে হলো। অন্যদিকে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এই অভিনেত্রী মানসিক অবসাদে ভুগছিলেন।
চেন্নাইয়ের ব্যবসায়ী হেমন্তকে গোপনে বিয়ে করেছিলেন চিত্রা। তাঁর সঙ্গে সেখানকার একটি হোটেলে ছিলেন তিনি। ঘটনার দিন রাত ২টা ৩০ মিনিটে শুটিং সেরে হোটেলে ফিরেছিলেন চিত্রা। হেমন্তের জবানবন্দি অনুযায়ী, শুটিং সেরে হোটেলে ফিরে চিত্রা স্নান করার জন্য স্নানঘরে ঢুকেছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে হেমন্ত স্নানঘরের দরজায় কড়া নাড়েন। এরপরও সাড়া না পেয়ে তিনি হোটেলের কর্মচারীদের বিষয়টা জানান। তখন নকল চাবির সাহায্যে হোটেলের স্নানঘরের দরজা খুলে চিত্রাকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।